পীরগাছা (রংপুর) সংবাদদাতা
পীরগাছায় বুধবার সন্ধ্যায় প্রতারণার মাধ্যমে মোবাইল সিম রেজিস্ট্রেশন চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। এঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। চক্রটি গ্রামে গ্রামে গিয়ে নতুন সিম বিক্রির নামে বায়োমেট্রিক পদ্ধতিতে গ্রাহকের আঙুলের ছাপ ও এনআইডি নিলেও পূর্বের রেজিস্ট্রেশন করা সিম বিক্রি করে আসছিল। উপজেলার কৈকুড়ী ইউনিয়নের কুতুব্বাস সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বুধবার বিকালে ওই চক্রটি গ্রামের মানুষের মাঝে প্রায় ৩০০টি সিম বিক্রি করে। এসময় তারা বায়োমেট্রিক পদ্ধতিতে গ্রাহকের আঙুলের ছাপ ও এনআইডি গ্রহণ করে। পীরগাছা থানার ওসি রেজাউল করিম জানান, দীর্ঘদিন থেকে ওই প্রতারক চক্র বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করে আসছিল। এ ঘটনায় ছয়জনের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। এদের মধ্যে তিনজনকে গ্রেফতার করা হলেও বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
