বগুড়ায় বাসের চাপায় ৪ জন নিহত

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ১০:৩৪

বগুড়া-ঢাকা মহাসড়কের বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া এলাকায় শুক্রবার সকাল আনুমানিক ৬ টার দিকে বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। ঢাকা থেকে বগুড়াগামী একটি দুরপাল্লার বাস বিপরীত দিক থেকে আসা সিএনজিকে চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে।

শাজাহানপুর থানা পুলিশ জানায়, যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা বগুড়ার শেরপুর উপজেলার দিক হতে বগুড়ার দিকে যাচ্ছিল। তার পেছনে ঢাকা থেকে বগুড়ার দিকে যাচ্ছিল শাওন পরিবহন নামের একটি বাস। বাসটি মাঝিড়া এমপি চেকপোস্টের সামনে এসে সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান সিএনজির ৩ যাত্রী। আহত হন আরেক যাত্রী। আহত যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

বগুড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা বজলুর রশিদ জানান, নিহতদের মধ্যে দুজনের নাম পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, বগুড়ার শাজাহানপুর উপজেলার ডেমাজানি এলাকার কালিদাস (৭০) ও ধুনট উপজেলার আনারপুরের বাসিন্দা শাহ জামাল (৩৪)।

শাজাহানপুর থানার এসআই মিজানুর রহমান চারজনের মারা যাওয়ার কথা স্বীকার করে বলেন, এ ঘটনায় বাসের চালক-হেলপার পালিয়ে গেছেন। তবে বাসটি বগুড়া হাইওয়ে পুলিশ আটক করেছে।

ইত্তেফাক/এমআর