তালায় গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৩৩

সাতক্ষীরার তালা উপজেলার পল্লীতে এক গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মাগুরা ইউনিয়নের বালিয়াদহ গ্রামে। গত সোমবার বিকালে ঘটনাটি ঘটলেও সেটি তিনদিন পর বৃহস্পতিবার এলাকায় জানাজানি হয়।

ঘটনার বিবরণে প্রকাশ, গত সোমবার বিকাল ৩টার দিকে বালিয়াদহ গ্রামের গৃহবধূ (২৫) তাদের কুল ক্ষেতে কাজ করছিলেন। উক্ত সময় একই এলাকার আফছার সরদারের পুত্র মাদকাসক্ত মনিরুল সরদার (৩০) কুল কেনার বাহানা দেখিয়ে গৃহবধূকে জোরপূর্বক শ্লীলতাহানির চেষ্টা করে। পরে ভুক্তভোগীর চিৎকার শুনে স্থানীয় এলাকাবাসী এগিয়ে আসলে মনিরুল পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় তার ব্যবহৃত মোটরসাইকেলটি ফেলে রেখে যায়।

ভুক্তভোগীর স্বামী ও এলাকাবাসী জানান, মনিরুল একজন লম্পট ও মাদক কারবারী। এর আগেও সে কয়েকবার মাদকসহ আটক হয়েছে। এলাকার তিনশতাধিক মানুষ  মনিরুলের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য সাতক্ষীরা জেলা পুলিশ সুপার ও তালা উপজেলা নির্বাহী অফিসারের কাছে গণস্বাক্ষর করেছেন।

এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, ঘটনাটি শোনামাত্র থানা হতে একটি ফোর্স ঘটনাস্থলে গিয়েছিলো। এখনো আমাদের কাছে কেউ অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইত্তেফাক/এমআর