হামলায় আট শিক্ষার্থী আহত

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ২১:২৮

মাদক সেবনে বাধা

বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা

বাউফলে বৃহস্পতিবার রাতে মাদক সেবনে বাধা দেওয়ায় এক শিক্ষার্থীকে কুপিয়ে গুরুতর আহত করেছে মাদকসেবীরা। ঐ শিক্ষার্থীর নাম মো. সাকিব হোসেন। এ সময় এলোপাতাড়ি পিটিয়ে আরো সাত শিক্ষার্থীকে আহত করেছে তারা। উপজেলার কেশবপুর ইউনিয়নের ভরিপাশা গ্রামের তালতলী বাজারে এ ঘটনা ঘটে। উপজেলার ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (গণিত) মো. মাইনুল ইসলাম বলেন, আহতরা আমার ছাত্র। মাদক সেবনে বাধা দেওয়ায় তাদের ওপর হামলা হয়েছে। আমি একজন সচেতন নাগরিক ও শিক্ষক হিসেবে হামলাকারীদের বিচার চাই। ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মো. আনিসুর রহমান বলেন, হামলাকারীরা এলাকায় মাদক সেবনকারী হিসেবে পরিচিত। বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।