বাঁশখালীতে জেলেদের মারধর ও লুটপাটের ঘটনায় মামলা

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ২১:২৮

বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা

বাঁশখালী উপজেলার বঙ্গোপসাগরের গন্ডামারা চ্যানেলে জেলেদেরকে মারধর ও লুটপাটের ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার ছয় জনের নাম উল্লেখ করে গন্ডামারা ইউনিয়ন মত্স্যজীবী ও মত্স্য শিকারী সমবায় সমিতির পক্ষ থেকে মো. ফরিদ মিয়া বাঁশখালী থানায় মামলাটি দায়ের করেছেন। এর আগে গত মঙ্গলবার জলদস্যুরা বঙ্গোপসাগরের জাল লুটপাট করে। মামলার বাদী মো. ফরিদ মিয়া বলেন, সরকারি বিধিনিষেধ ও নির্দেশ মেনে আমরা বঙ্গোপসাগরের গন্ডামারা চ্যানেলে ফার জাল বসিয়ে মত্স্য আহরণ করি। মঙ্গলবার সন্ধ্যায় হঠাত্ জলদস্যুরা আমাদের ফিশিং বোটে হানা দিয়ে জেলেদের মারধর করে ও অস্ত্র ঠেকিয়ে ৩০টি বিহিন্দি জাল লুট করে তাদের বোটে তুলে নিয়ে যায়। ঐ স্থানে পুনরায় জাল বসালে তারা প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সফিউল কবীর বলেন, বঙ্গোপসাগরের গন্ডামারা চ্যানেলে জেলেদেরকে মারধর ও লুটপাটের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।