দেওয়ানগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
দেওয়ানগঞ্জ পৌরসভার নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠিতে স্থগিতের কথা জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, আগামী ২৮ ফেব্রুয়ারি ভোটগ্রহণের জন্য নির্ধারিত জামালপুর জেলার দেওয়ানগঞ্জ পৌরসভার সাধারণ নির্বাচন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে। ২৮ ফেব্রুয়ারি পঞ্চম ধাপে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ জানান, নির্বাচন কমিশনারের সিদ্ধান্ত মোতাবেক নির্বাচন স্থগিত করা হয়েছে।
