আজ দেশে আসছেন ভারতীয় তিন ভিলেন

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ২১:৩১

বিনোদন রিপোর্ট

 

আজ অনন্ত জলিলের নতুন ছবি ‘নেত্রী :দ্য লিডার’-এর মহরত অনুষ্ঠানে অংশ নিতে আসছেন ভারতীয় তিন ভিলেন প্রদীপ রাওয়াত, কবির ধাওয়ান সিং ও তরুণ আরোরা। তারা তিনজনই ছবিটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন। আজ সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে জমকালো এই মহরত অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ছবিটিতে এই তিন ভারতীয় অভিনেতা ছাড়া তুরস্ক, ইরানসহ একাধিক দেশের তারকারা অভিনয় করবেন।

ক’দিন আগেই অনন্ত জলিল ‘নেত্রী :দ্য লিডার’ নামে ছবির কথা ঘোষণা দেন। চিত্রনায়িকা বর্ষাকে কেন্দ্র করে এই ছবির গল্পটাও অন্যরকম বলে জানান তিনি। ছবিটির বিষয়ে অনন্ত জলিল বলেন, ‘বাংলাদেশ থেকে কাজী হায়াত্, ইলিয়াস কাঞ্চন, সাব্বিরসহ একাধিক তারকা থাকছেন। এছাড়া ভারত, তুরস্ক, ইরানসহ একাধিক দেশের তারকারা অভিনয় করছেন আমার নতুন এই ছবিতে। একেবারেই ভিন্ন আঙ্গিকের গল্পে দর্শকদের নতুন কিছু দিতে চাইছি। আশা করি আমার কাছ থেকে যে ধরনের চমক সকলে প্রত্যাশা করেন তেমনটাই পাবেন।’ প্রথমবারের মতো বাংলাদেশি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন দক্ষিণ ভারতীয় এই তিন খল-অভিনেতা। প্রথমে বাংলাদেশের কোন ছবি কিংবা কার ছবিতে তারা অভিনয় করতে যাচ্ছেন এ নিয়ে ধোঁয়াসা ছিল। কিন্তু পরে জানা যায় অনন্তর ছবিতে অভিনয় করবে তারা। সেসময় কবির সিং জানিয়েছিলেন, বাংলাদেশি সেই সিনেমাটির নাম ‘নেত্রী দ্য লিডার’।

উল্লেখ্য, ২০২০ সালের ডিসেম্বরে ইফতেখার চৌধুরীর ‘মুক্তি’ সিনেমার মহরত অনুষ্ঠানে সস্ত্রীক হাজির ছিলেন অনন্ত জলিল। সেখানেই তিনি নতুন সিনেমা নেত্রী দ্য লিডার-এর ঘোষণা দেন। জানান, আসন্ন এই সিনেমাটি পরিচালনা করবেন ইফতেখার চৌধুরী। ছবিটি প্রযোজনার পাশাপাশি এতে অভিনয় করবেন বলেও সেসময় জানান অনন্ত। শুধু তাই নয়, তিনি জানান, ছবিতে তার বিপরীতে নায়িকা হিসেবে থাকবেন বর্ষা। নেত্রী দ্য লিডার ছবিটি বাংলাদেশ ও তুরস্কের যৌথ প্রযোজনার ছবি। যার ৯৫ শতাংশ শুটিং হবে তুরস্কের বিভিন্ন লোকেশনে, আর ৫ শতাংশ শুটিং হবে ঢাকায়।