গতকাল সকাল ৯টা থেকে এফডিসির ১ নম্বর ফ্লোরে ডিরেক্টর গিল্ডের ভোটগ্রহণ শুরু হয়। মাঝে নামাজের বিরতি দিয়ে চলে ৫টা পর্যন্ত। তবে এই নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল পাওয়া যাবে ১ মার্চ। এবারই প্রথম লম্বা বিরতি নিয়ে ফলাফল ঘোষণা করা হচ্ছে। নির্বাচনটিকে ঘিরে উত্সবমুখর পরিবেশ সৃষ্টি হয় এফডিসি প্রাঙ্গণে। এবার সভাপতি পদে লড়ছেন সালাহউদ্দিন লাভলু, অনন্ত হিরা ও দীপু হাজরা। সাধারণ সম্পাদক পদে লড়ছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ও এস এম কামরুজ্জামান সাগর। প্রার্থীরা জানিয়েছেন বিজয়ী যে-ই হোক না কেন, সবাই হাসিমুখে মেনে নেবেন। এবারের নির্বাচনে ১২টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৩৪ জন নির্মাতা। অন্যদের মধ্যে সহ-সভাপতি পদের জন্য লড়ছেন প্রাণেশ চন্দ্র চৌধুরী, ফরিদুল হাসান, মাসুম আজিজ, রফিক উল্লাহ সেলিম ও শিহাব শাহীন। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে আছেন চয়নিকা চৌধুরী, ফিরোজ খান ও রকিবুল হাসান চৌধুরী। সাংগঠনিক সম্পাদক প্রার্থী তুহিন হোসেন, ফেরারী অমিত ও এসএম মাসুম করিম। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে লড়ছেন মনিরুজ্জামান নাহিদ ও মো. সহিদ-উন-নবী। দফতর সম্পাদক পদে নির্বাচন করছেন গোলাম মুক্তাদির ও মুক্তি মাহমুদ। প্রশিক্ষণ ও আর্কাইভ বিষয়ক সম্পাদক পদে মোস্তফা মনন ও এসএম শহিদুল ইসলাম রুনু। তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক পদে মো. আনিসুল ইসলাম ইমেল ও সঞ্জয় বড়ুয়া নির্বাচন করছেন। আইন ও কল্যাণ বিষয়ক পদে লড়ছেন নিয়াজ মাহমুদ আক্কাস ও সাঈদ রহমান। এবার ভোটার সংখ্যা ৩৯৬ জন এবং প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন অভিনেতা ও নাট্যব্যক্তিত্ব এস এম মহসীন। এছাড়া নরেশ ভূঁইয়া ও মাসুম রেজা নির্বাচন কমিশনারের দায়িত্বে রয়েছেন। আপিল বিভাগের দায়িত্বে আছেন হাসান ইমাম, আবুল হায়াত ও মামুনুর রশীদ।
