শেষ ষোলোতে মিলানের সামনে ইউনাইটেড

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪২

স্পোর্টস ডেস্ক

উয়েফা ইউরোপা লিগের শেষ ১৬তে সাত বার চ্যাম্পিয়ন্স লিগ জেতা এসি মিলানের মুখোমুখি হবে ওলে গুনার সোলস্যারের ম্যানচেস্টার ইউনাইটেড। গতকাল সুইজারল্যান্ডের নিয়নে অনুষ্ঠিত ইউরোপার শেষ ১৬-র অন্যান্য ড্রতে আর্সেনালের ভাগ্যে পড়েছে গ্রিক দল অলিম্পিয়াকোস, স্টিভেন জেরার্ডের রেঞ্জার্সের সঙ্গে পড়েছে লেস্টার সিটিকে হারিয়ে শেষ ১৬তে ওঠা স্লাভিয়া প্রাহা।

এর আগে শেষ ১৬তে ওঠার পথে ৩২-র দ্বিতীয় লেগে গত বৃহস্পতিবার রিয়াল সোসিয়েদাদের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ইউনাইটেড। বেনফিকার বিপক্ষে ৩-২ ব্যবধানে জিতেছে আর্সেনাল। শেষ ৩২ থেকে প্রায় সব বড় দল পার পেয়ে গেলেও, শেষ ১৬ নিশ্চিত করতে পারেনি লেস্টার সিটি ও নাপোলি। গ্রানাডার সঙ্গে দ্বিতীয় লেগে জিতেও বাদ পড়েছে নাপোলি। আর চেক প্রজাতন্ত্রের দল স্লাভিয়া প্রাহার কাছে ০-২ গোলে হেরে বাদ পড়েছে লেস্টার সিটি।

প্রথম লেগে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ৪-০ ব্যবধানে জিতে এসেছিল সোলস্যারের দল। দ্বিতীয় লেগে তাই ঘরের মাঠে বড় ব্যবধানে না হারলেই হতো। সেই ম্যাচেও ব্রুনো ফার্নান্দেজ, অ্যান্থলি মার্শিয়াল, ফ্রেডের মতো মূল দলের তারকাদের নামিয়ে একটু তাক লাগিয়ে দিয়েছিলেন সোলস্যার। তবে ব্রুনোরা আগের ম্যাচের মতো ধুন্ধুমার আক্রমণ উপহার দিতে পারলেন না। ওল্ড ট্রাফোর্ডে ম্যাচটি শেষ হয়েছে ম্যাড়ম্যাড়ে ০-০ ব্যবধানের ড্রয়ে।

দিনের অন্য ম্যাচে আর্সেনালকে প্রায় কাবু করেই ফেলেছিল বেনফিকা। প্রথম লেগে ঘরের মাঠে ১-১ গোলে ড্রয়ের পর বৃহস্পতিবার দ্বিতীয় লেগের ৮৬ মিনিট পর্যন্ত ২-২ ব্যবধান বজায় রেখেছিল পর্তুগিজ দলটি। এই ড্রয়ে ম্যাচ শেষ করতে পারলে এওয়ে গোলের নিয়মে পরের পর্বে যেত বেনফিকাই। কিন্তু ম্যাচের ৮৭ মিনিটে দ্বিতীয় বারের মতো দলের ত্রাতা হিসেবে আবির্ভূত হন আর্সেনাল স্ট্রাইকার পিয়ের এমেরিক অবামেয়াং। তার শেষ মুহূর্তের গোলেই শেষ ১৬ নিশ্চিত করতে সক্ষম হয় মিকেল আরতেতার দল।