আরিচা-কাজীরহাট রুটে ১৮ বছর পর ফেরি চালু আজ

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ২২:১৪

শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা

প্রায় ১৮ বছর পর আজ শনিবার আরিচা-কাজীরহাট রুটে ফেরি সার্ভিস পুনরায় চালু করা হচ্ছে। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এ সার্ভিসের উদ্বোধন করবেন। উভয় ঘাটে তোরণ নির্মাণ ও সাজসজ্জার আয়োজন করা হয়েছে। সংস্থার চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক সভাপতিত্ব করবেন। কাজীরহাট ঘাটে অতিথিবৃন্দের বক্তব্য প্রদান ও উদ্বোধনী অনুষ্ঠানের ব্যাপক আয়োজন করা হয়েছে। বিআইডব্লিউটিএ পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) মোহাম্মদ আবু জাফর হাওলাদার জানান, বিশেষ অতিথি শামসুল হক টুকু এমপি, গোলাম ফারুক খন্দকার এমপি, আহমেদ ফিরোজ কবির এমপি, নাঈমুর রহমান দুর্জয় এমপি, সংস্থার অতিরিক্ত সচিব সৈয়দ তাজুল ইসলাম বক্তব্য রাখবেন।

জানা গেছে, নৌপথের দূরত্ব কমিয়ে আনার উদ্দেশ্যে ২০০২ সালের ১২ মার্চ আরিচা থেকে পাটুরিয়ায় ঘাট স্থানান্তর করা হয়। আরিচা কাজীরহাট রুটে বর্ষা মওসুমে ১৩ ও চর জেগে উঠলে অতিরিক্ত দুই কিলোমিটার ঘুরপথে ফেরি-লঞ্চ চলাচল করে থাকে। ঘাট স্থানান্তরের পর পাটুরিয়া থেকে কাজীরহাট নৌপথে কিছু দিন ফেরি সার্ভিস চললেও নানা কারণে তা বন্ধ হয়ে যায়।