দুমড়ে গেল দুই বাস মারা গেলেন আট জন

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ২২:৪৯

সিলেট-ঢাকা মহাসড়কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায়  ৯ জন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। এছাড়া বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ছয় জন, ঝিনাইদহের কালীগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে তিন জন, বরিশালে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী, ময়মনসিংহের  ধোবাউড়ায়  ট্রাকের সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে দুই তরুণ, কক্সবাজারের চকরিয়ায় পিকআপের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী যুবক ও চট্টগ্রামে মোটরসাইকেলের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন।

সিলেট অফিস ও দক্ষিণ সুরমা সংবাদদাতা জানান,  সিলেট-ঢাকা মহাসড়কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত ও আহত হয়েছেন অন্তত ১৫ জন।  গতকাল শুক্রবার মর্মান্তিক এই দুটি দুর্ঘটনার একটি সিলেটের রশিদপুর নামক স্থানে, অপরটি হবিগঞ্জের মাধবপুরে ঘটে। পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় সিলেটে শোকের ছায়া নেমে আসে। শুক্রবার সকাল ৭টার দিকে নগরীর প্রায় ২৫ কিলোমিটার দূরে রশিদপুর নামক স্থানে ঢাকা থেকে সিলেট অভিমুখী লল্ডন এক্সপ্রেস ও ঢাকা অভিমুখী এনা পরিবহনের মুখোমুখি সংঘর্ষে নিহত হন এক জন চিকিত্সক ও  নারীসহ আট জন। দুর্ঘটনায় দুটি বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিস ও পুলিশ এক ঘণ্টা চেষ্টা চালিয়ে স্থানীয়দের সহযোগিতায় হতাহতদের উদ্ধার করে। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কে বাস চলাচল বন্ধ ছিল। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সিলেটের উপ-পরিচালক কোবাদ আলী সরকার বলেন, তার ধারণা ব্রিজ ক্রস করতে গিয়ে লন্ডন এক্সপ্রেসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন : সুনামগঞ্জের জগন্নাথপুরের সালমান খান, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের নুরুল আমিন, সাগর, সিলেটের ওসমানীনগরের মঞ্জুর আহমদ মঞ্জু, একই উপজেলার জাহাঙ্গীর হোসেন, ডা. ইমরান খান রুমেল, সিলেট নগরের শাহ কামাল ও ছাতকের রহিমা বেগম। এদের   মধ্যে মঞ্জু এনা পরিবহনের চালক ও জাহাঙ্গীর তার সহযোগী। নুরুল আমিন লন্ডন এক্সপ্রেসের সুপারভাইজার আর ডা. ইমরান উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রভাষক।

অন্যদিকে সকাল ১০টায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাসচাপায় টমটম চালক নিহত হন। হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের জগতপুরে একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা টমটমকে চাপ দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে টমটম চালক ঘটনাস্থলেই মারা যান। নিহতের নাম পরিচয় জানা যায়নি।

নিহত ডা. ইমরানের স্ত্রী ডা.অন্তরার বিসিএস পরীক্ষা দেওয়া হলো না

সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের প্যাথলজি বিভাগের সাবেক প্রধান ডা. আমজাদ হোসেন খানের ছেলে নিহত ডা. ইমরান খান রুমেল সিলেটের উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রভাষক। বিসিএস পরীক্ষা দিতে শুক্রবার সকালে স্ত্রী ডা. অন্তরাখানকে নিয়ে ঢাকায় রওয়ানা দেন ডা. ইমরান। স্ত্রী অন্তরা খান এবারের বিসিএস পরীক্ষার্থী। বিসিএসের লিখিত পরীক্ষা বেলা ৩টায় শুরু হওয়ার কথা। তাই শুক্রবার ভোরেই স্ত্রীকে নিয়ে বাসা থেকে বের হন ডা. ইমরান। এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান ডা. ইমরান। গুরুতর আহত ডা. ইমরানের স্ত্রী ডা.অন্তরা। ইমরান-অন্তরা দম্পতির দুই শিশু কন্যা রয়েছে।

স্টাফ রিপোর্টার, বগুড়া জানান, বগুড়া-ঢাকা মহাসড়কের শাজাহানপুর উপজেলার মাঝিড়া এলাকায় শুক্রবার সকালে বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হন। ঢাকা থেকে বগুড়াগামী একটি দূরপাল্লার বাস বিপরীত দিক থেকে আসা সিএনজিকে চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান সিএনজির তিন যাত্রী। আহত আরেক যাত্রী হাসপাতালে নেওয়ার পথে মারা যান। নিহতদের মধ্যে দুজনের নাম পরিচয় পাওয়া গেছে। এক জন শাজাহানপুর উপজেলার ডেমাজানি এলাকার কালিদাস ও ধুনট উপজেলার আনারপুরের শাহ জামাল। এছাড়া দুপচাঁচিয়া উপজেলার কৃষিগাড়ি এলাকায় শুক্রবার দুপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ দুই জন মারা গেছেন। নিহতরা হলেন : উপজেলার বেলহালী গ্রামের ফজলুর রহমানের ছেলে মুক্তার হোসেন ও মুরগ্রামের আব্দুল কাদেরের ছেলে রবিউল ইসলাম।

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা জানান, জীবননগর কালীগঞ্জ সড়কের পাতবিলা নামক স্থানে শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে তিন মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই শিমুল বিশ্বাস নামে এক ব্যক্তি নিহত হন। তিনি কোটচাঁদপুর উপজেলার দুধসরা গ্রামের হরেন্দ্রনাথ বিশ্বাসের পুত্র। এ সময় আহত হন আরো অন্তত চার জন। আহতদের উন্নত চিকিত্সার জন্য যশোর মেডিক্যাল কলেজে রেফার্ড করা হলে রাত ৮টার দিকে চিকিত্সাধীন অবস্থায় আরো দুই জন মারা যান। এরা হলেন—কালীগঞ্জ ভাটাডাঙ্গা গ্রামের আসলাম হোসেন ও সোহেল। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহাফুজুর রহমান মিয়া জানান তিন মোটরসাইকেলের বেপরোয়া গতির কারণে রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে ত্রিমুখী সংঘর্ষে এ দুর্ঘটনাটি ঘটে।

বরিশাল অফিস জানায়,  বরিশাল-পটুয়াখালী মহাসড়কের দপদপিয়া সেতুতে বালুবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হন। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকের চালক ও হেলপারকে আটক করে পুলিশ। নিহতরা হলেন : ফরিদপুরের ভাঙ্গা উপজেরার আলগী এলাকার সিরাজ মাতুব্বরের ছেলে মো. শরীফ মাতুব্বর ও একই বাড়ির ইউসুফ আলীর ছেলে আল-আমীন (২০)। সম্পর্কে তারা দুই জন চাচাতো ভাই।

ধোবাউড়া (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ধোবাউড়ায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই তরুণের মৃত্যু হয়েছে।  শুক্রবার সকালে উপজেলার মেকিয়ারকান্দা বাজারের পাশে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো : খড়িয়া গ্রামের সাবির উদ্দিনের ছেলে জাহিদ হাসান রাসেল এবং বাঘবেড় গ্রামের কুতুব উদ্দিনের ছেলে শহিদুল কায়সার রনি। ট্রাকসহ ড্রাইভারকে আটক করা হয়েছে।

চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা জানান, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার বানিয়ারছড়া এলাকায় পেছন থেকে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত ও একজন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে মহাসড়কের বানিয়ারছড়ার মহেশখালী রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন : উপজেলার বরইতলী ইউনিয়নের মো. ছোটন ও রামু উপজেলার গর্জানিয়া এলাকার আমির হোসেনের ছেলে শামসুল আলম।

চট্টগ্রাম অফিস জানায়, মহানগরীর ব্যস্ততম আগ্রাবাদ চৌমুহনীতে মোটরসাইকেলের ধাক্কায়  হাফেজ আব্দুস সাত্তার (৭৪) নামের এক ব্যক্তি মারা গেছেন। গতকাল শুক্রবার সকাল ৭টায় এই দুর্ঘটনা ঘটে। আব্দুস সাত্তার কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দৌলতখাঁ এলাকার মৃত কালা মিয়া মোল্লার পুত্র।