রাজধানীর জাহাঙ্গীর গেট এলাকায় অতিরিক্ত গতিতে চলা একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেছে। পরে মাইক্রোবাসটিতে আগুন লেগে গেলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় চালকসহ চার-পাঁচ জন যাত্রী আহত হয়েছে বলে পুলিশ জানায়। বিষয়টি নিশ্চিত করেছেন কাফরুল থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিমুজ্জামান ।
তিনি বলেন, বৃহস্পতিবার রাতে ১টা ৪৫ মিনিটে জাহাঙ্গীর গেট এলাকায় একটি মাইক্রোবাস উলটে যায়। এতে গাড়িতে থাকা চালকসহ চার-পাঁচ জন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। গাড়িটি উলটে আগুন ধরে যায়, তখন ফায়ার সার্ভিসে ফোন দেওয়া হলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে সম্পূর্ণ গাড়িটি পুড়ে যায়।
ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাস্তা ফাঁকা পেয়ে চালক অতিরিক্ত গতিতে চালাচ্ছিলেন গাড়ি। আর এতে এক সময় গাড়ির নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেনি চালক। ফলে এ দুর্ঘটনা ঘটেছে।
বিয়ের অনুষ্ঠান থেকে যাত্রীরা ফিরছিলেন বলে জানা যায়। তবে আমরা এ বিষয়ে আরো বিস্তারিত খোঁজ নিচ্ছি। হাসপাতালে চিকিত্সাধীন আহতরা কেমন আছেন সে বিষয়েও আমরা খোঁজ নিচ্ছি।
