স্পোর্টস রিপোর্টার
দিনশেষে লড়াই অনেকটা সমানে সমান। একদিকে ইংলিশ ফাস্ট বোলাররা, জেমস অ্যান্ডারসন ও বেন স্টোকস ত্রাস ছড়িয়েছেন বল হাতে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডার ও মিডল অর্ডার দারুণ পাল্টা প্রতিরোধ গড়েছে। ফলে একটা শেষ সময় পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজই এগিয়ে ছিল ব্রিজটাউনে চলমান প্রথম টেস্টে। কিন্তু দিন শেষে পরপর কয়েকটা উইকেট হারিয়ে ফেলায় প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর এখন ৮ উইকেটে ২৬৪।
তিন টেস্ট, পাঁচ ওয়ানডে ও তিন টি-টোয়েন্টির লম্বা সফরে ইংল্যান্ড দল এখন ওয়েস্ট ইন্ডিজে। গতকাল ব্রিজটাউনে শুরু হয়েছে দুই দলের প্রথম টেস্ট।
প্রথম টেস্টের প্রথম অংশটা ওয়েস্ট ইন্ডিজ নিজের করে রেখেছিল। ক্যারিবীয়দের ৫৩ রানের একটা উদ্বোধনী জুটি এনে দেন ক্রেগ ব্রাথওয়েট ও জন ক্যাম্পবেল। একদিকে ব্রাথওয়েট ছিলেন দারুণ ধৈর্যশীল। অন্য প্রান্তে ক্যাম্পবেল ছিলেন মারকুটে মেজাজে। ক্যাম্পবেল ৫৩ বলে ৪৪ রান করে মঈন আলীর বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন। অন্যদিকে ব্রাথওয়েট ১৩০ বলে ৪০ রানের ইনিংস খেলে স্টোকসের প্রথম শিকার হন। ব্রাথওয়েট ফেরার ২ রান পরই ফিরে আসেন ড্যারেন ব্র্রাভোও। এই কাছাকাছি সময়ে উইকেট হারানোর পর পরিস্থিতি সামাল দেন শাই হোপ ও রোস্টন চেজ।
দু’জনে বেশ খেলছিলেন। হোপ ১৪৮ বলে ৫৭ রান করে অ্যান্ডারসনের প্রথম শিকার হন। আর চেজও অ্যান্ডারসনের বলে আউট হওয়ার আগে ৫৪ রান করেন ১১৮ বলে। চেজ আউট হওয়ার আগ পর্যন্ত দিনের খেলাটা ওয়েস্ট ইন্ডিজের হাতে ছিল। তখন পর্যন্ত ৪ উইকেটে ২৪০ রান ছিল তাদের স্কোর।
এই অবস্থা থেকে পরের ২৪ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। স্টোকস ও অ্যান্ডারসন আরও দুটি করে উইকেট তুলে নেন। এই দুই পেসারের তাণ্ডবের মধ্যেও এক প্রান্ত আগলে লড়াই চালিয়ে যাচ্ছেন হেটমেয়ার।
দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের একমাত্র ভরসা হয়ে উইকেটে আছেন হেটমেয়ার। ৬০ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৫৬ রান নিয়ে উইকেটে আছেন তিনি। আর তার সামনে দ্রুত ফিরে এসেছেন ডাওরিচ ও অধিনায়ক জেসন হোল্ডার।
অ্যান্ডারসন ৩৩ রানে ৪টি ও স্টোকস ৪৭ রানে ৩টি উইকেট নিয়েছেন। বাকি উইকেটটি গেছে মঈন আলীর দখলে।
ব্রিজটাউন টেস্ট
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ-১ম ইনিংস: ৮৯.২ ওভারে ২৬৪/৮ (হোপ ৫৭, হেটমেয়ার ব্যাটিং ৫৬, চেজ ৫৪, ক্যাম্পবেল ৪৪, ব্রাথওয়েট ৪০; অ্যান্ডারসন ৪/৩৩, স্টোকস ৩/৪৭)।
