শীতকালীন ‘খেলো ইন্ডিয়া’ গেমসের উদ্বোধন করলেন মোদি 

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৪৯

 ভারতের জম্মু-কাশ্মীরে শীতকালীন ‘খেলো ইন্ডিয়া’ গেমসের  উদ্বোধন করেছেন দেশটির  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার ভারচুয়ালি এই প্রতিযোগিতার দ্বিতীয় সংস্করণের  উদ্ভোধন  করলেন তিনি। পাশাপাশি জম্মু-কাশ্মীর যে আগামিদিনে শীতকালীন গেমসের হাব হতে চলেছে, সে ব্যাপারেও আশাপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।  

আগামী ২ মার্চ থেকে জম্মু-কাশ্মীরে শুরু হবে শীতকালীন ‘খেলো ইন্ডিয়া’ গেমস। ২৭টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে প্রতিযোগীরা এতে অংশ নেবে। আলপাইন স্কিং, নর্ডিক স্কি, স্নো বোর্ডিং, স্কি মাউন্টেনিয়ারিং, আইস হকি, আইস স্কেটিং-সহ একাধিক শীতকালীন গেমস আয়োজিত হবে। 

এদিন গেমসের উদ্বোধনের পর নরেন্দ্র মোদি বলেন, এই প্রতিযোগিতার মাধ্যমে ভারত আন্তর্জাতিক স্তরে নিজের উপস্থিতি প্রমাণ করতে পারবে। পাশাপাশি জম্মু-কাশ্মীরকে শীতকালীন গেমসের হাবে পরিণত করতেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। 

এরপরই প্রতিযোগীদের আত্মনির্ভর ভারতের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও আখ্যা দেন তিনি। প্রধানমন্ত্রীর কথায়,  শীতকালীন ‘খেলো ইন্ডিয়া’ গেমসে কোনও প্রতিযোগীর অংশ নেওয়া মানে তিনি শুধু কোনও খেলায় অংশ নিচ্ছেন তা নয়, তিনি আত্মনির্ভর ভারতের ব্র্যান্ড অ্যাম্বাসেডরও। খেলার মাঠের পারফরম্যান্স দেখেই কিন্তু গোটা বিশ্ব পর্যালোচনা করবে।