আবারো কনসার্টে মুখর ‘মাকসুদ ও ঢাকা’

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৩২

তারিফ সৈয়দ

 

আবারো কনসার্টে মুখরিত হয়েছে দেশ। এদেশের রক মিউজিকের ইতিহাসে মাকসুদুল হক এক অনন্য নাম। ফোক ফিউশনের প্রণেতা ও রকবাউল খ্যাত মাকসুদুল হক তার দল ‘মাকসুদ ও ঢাকা’ গত ২৬ মার্চ করোনাকালের পর প্রথম কোনো ওপেন এয়ার কনসার্ট করলো।

মাকসুদুল হক বলেন, ‘এর আগে একটি ইনডোর কনসার্টে অংশ নিয়েছিলাম আমরা। এরপর গত ২৬ ফেব্রুয়ারি মাওয়াতে এটিই আমাদের ওপেন এয়ার কনসার্ট ছিল। ভালো লাগে যে, আমাদের প্রায় ২৫/৩০ বছর বয়সী একটি গান এখনো তৃতীয় প্রজন্মকে আনন্দ দিচ্ছে। একইসঙ্গে আমরা আবারো মাঠে কনসার্টে পারফর্ম করতে পারছি। আশা করছি এই সংকটকাল পেরিয়ে আমাদের নিয়মিত কনসার্ট ও রেকর্ডিং অব্যাহত থাকবে।’

একজন রকস্টারের পাশাপাশি এদেশের অন্যতম বাউল সাধক ও গবেষকের নাম মাকসুদুল হক। উল্লেখ্য, ‘বাউলিয়ানা’ নামের অ্যালবামটিই ছিল এদেশের প্রথম কোনো ফোক ফিউশন অ্যালবাম। এমন কোনো গবেষণাধর্মী কাজ আবারো রিলিজ হবে কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘আমার তো প্রতিদিনই এ নিয়ে চর্চা চলে। আমাদের প্র্যাকটিস প্যাডে বরাবরই নিজেদের পপুলার নম্বরের পাশাপাশি নানা ধরনের ফোক গান নিয়ে কাজ করা হয়। আর আধ্যাত্মবাদ বা বাউল সাঁইদের নিয়ে কাজ তো সাপ্তাহিক বা মাসিকভাবে হয় না। এটা প্রতিদিনের সাধনা। তাই এটা নিজের ভেতরে এক ধরনের প্রার্থনার মতো। তবে এটা ঠিক যে, এখন রেকর্ডিংয়ে হয়তো যাওয়া হয় না, তবে কেউ উদ্যোগ নিলে অবশ্যই আমরা রেকর্ডিংয়ে যাবো।’ সামনে স্বাধীনতার মাসে একটানা বেশকিছু কনসার্ট ও রেকর্ডিং রয়েছে মাকসুদ ও ঢাকার। তার ভেতরে ৩ দিনব্যাপী মুক্তিযুদ্ধ জাদুঘরের আয়োজনে থাকছে ব্যান্ডদলটি। পাশাপাশি স্বাধীনতার ৫০ বছরের বিশেষ গানের রেকর্ডিংয়েও থাকছেন এই রকবাউল। মাকসুদ বলেন, ‘এ দেশের স্বাধীনতা, প্রেম আর বাউলিয়ানা নিয়েই তো একটা জীবন কাটিয়ে দিলাম। ভালোলাগার বিষয় এইটাই যে, আমার গানের সঙ্গে সঙ্গে একটা প্রজন্মও বড় হয়ে গেছে। তারাও বুকে আমার গীতিকবিতার শপথ নিয়ে এ শহরে নিঃশ্বাস নেয়। একজন রকবাউলের জীবনে এর চেয়ে বড় স্বার্থকতা আর কী হতে পারে!’