আইনের আশ্রয় নিলেন বুবলী

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৩৩

 বিনোদন রিপোর্ট

 

আতঙ্কিত চিত্রনায়িকা শবনম বুবলী আত্মরক্ষার জন্য সাধারণ ডায়েরি করেছেন। গত শুক্রবার রাতে তিনি উত্তরা পশ্চিম থানায় হাজির হয়ে সাধারণ ডায়েরি করেন। উত্তরা পশ্চিম থানায় দায়ের করা বুবলীর সাধারণ ডায়েরি নম্বর ১৯১৭।

এ বিষয়ে বুবলী বলেন, ‘ভেবেছিলাম, দু-এক দিন পর সাধারণ ডায়েরি করবো। কিন্তু আব্বু-আম্মু আমাকে বলেন, কয়েকদিন ধরে যেসব ঘটনা ঘটছে তাতে আর দেরি করা ঠিক হবে না। তাই আব্বু ও ছোট ভাইকে সঙ্গে নিয়ে থানায় গিয়ে ঘটনাটি উল্লেখ করে সাধারণ ডায়েরি করেছি।’

এর আগে গত শুক্রবার বিকেলে বুবলী তার ফেসবুকের মাধ্যমে জানিয়েছিলেন, শুটিংয়ে যাওয়া-আসার পথে কে বা কারা তাকে অনুসরণ করছে। তাকে একাধিকবার গাড়িচাপা দেওয়ারও চেষ্টাও করেছে তারা। এমন অবস্থায় তিনি আইনি ব্যবস্থা নেবেন বলেও জানান সেসময়।  সাধারণ ডায়েরিতে বুবলী উল্লেখ করেছেন, ‘আমি একজন চলচ্চিত্র অভিনেত্রী। চলচ্চিত্রের কাজের কারণে প্রায় সময় আমাকে বিভিন্ন জায়গায় যাওয়া-আসা করতে হয়। শুটিংয়ের কারণে বাসায় ফিরতে অনেক সময় রাত হয়ে যায়। এমতাবস্থায় গত বেশ কয়েক দিন অজ্ঞাতনামা ব্যক্তিরা নম্বরবিহীন প্রাইভেটকার ও মাইক্রোবাস ব্যবহার করে আমাকে ফলো করছে। অদ্য ২৫ ফেব্রুয়ারি দিবাগত রাত আনুমানিক ২টার দিকে নারায়ণগঞ্জ থেকে শুটিং শেষ করে উত্তরার ১০ নম্বর সেক্টরের বাড়িতে ফেরার পথে আনুমানিক ৩টার সময় উত্তরা পশ্চিম থানার ৩ নম্বর সেক্টরের জসীম উদ্দীন রোডে পৌঁছালে উল্টো দিক থেকে নম্বর প্লেটবিহীন একটি প্রাইভেটকার আমার গাড়ির সামনে হার্ড ব্রেক করে। আমি আশঙ্কা করছি, অজ্ঞাতনামা ব্যক্তিরা যেকোনো সময় আমার ক্ষতি করতে পারে। উপরোক্ত বিষয়টি আপনার থানায় সাধারণ ডায়েরি করতে যেন মর্জি হয়।’

এ নিয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান ইলিয়াস বলেন, ‘সাধারণ ডায়েরি হয়েছে, তদন্ত হবে। একজন তদন্তকারী কর্মকর্তা ঘটনার অনুসন্ধান করবেন। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।’