বাংলাদেশে প্রথমবারের মতো নিজেদের যাত্রা শুরু করতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অডিও স্ট্রিমিং সাবস্ক্রিপশন সার্ভিস স্পটিফাই। ব্যক্তিগত পছন্দ ও বিশ্ববিখ্যাত সব গানের সমারোহ নিয়ে বাংলাদেশ ছাড়াও পাকিস্তান ও শ্রীলঙ্কাতে অফিশিয়ালি নিজেদের যাত্রা শুরু করছে প্রতিষ্ঠানটি। বিশ্বজুড়ে ১৫৫ মিলিয়ন প্রিমিয়াম সাবস্ক্রাইবার সহ ৩৪৫ মিলিয়নেরও বেশি ব্যবহারকারীদের কাছে জনপ্রিয় এই প্ল্যাটফর্মটি দেশিয় ও আন্তর্জাতিক প্রায় ৭০ মিলিয়নেরও বেশি গানের সমারোহের মধ্য থেকে, শ্রোতাদের তাদের নিজ নিজ পছন্দের গানগুলোকে পার্সোনালাইজড করার সুযোগ দিয়ে থাকে। বিনামূল্যে পাওয়া যাচ্ছে স্পটিফাই-এর সার্ভিস এবং সাথে রয়েছে প্রিমিয়াম সার্ভিসের সুবিধাও যা শ্রোতাকে দিবে বিজ্ঞাপনের বাধা ছাড়াই পছন্দের গান উপভোগের সুযোগ।
বাংলাদেশি ব্যবহারকারীরা প্রতি মাসে মাত্র ১৯৯ টাকা খরচ করেই উপভোগ করতে পারবেন স্পটিফাই প্রিমিয়াম। পারিবারিক (সর্বোচ্চ ৬ জন) ব্যবহারের জন্য মাত্র ৩১৯ টাকায় থাকছে প্রিমিয়াম ফ্যামিলি সাবস্ক্রিপশন প্ল্যান। একই ঘরে বসবাসরত দুই জনের জন্য স্পটিফাই-এর নতুন আকর্ষণ স্পটিফাই প্রিমিয়াম ডুয়ো পাবেন ২৬০ টাকায়। এই সাবস্ক্রিপশন প্ল্যানের মধ্যে পাবেন ডুয়ো মিক্স সার্ভিস। নিয়মিত আপডেটেড প্লে-লিস্ট সুবিধার মাধ্যমে পছন্দের গান উপভোগ করতে পারবেন ব্যবহারকারীরা। এছাড়াও শিক্ষার্থীদের জন্য স্পটিফাই প্রিমিয়াম প্ল্যান থাকছে মাত্র ৯৯ টাকায়।
