সিটি ছুটছেই

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪৬

দুই সেন্টারব্যাক রুবেন ডিয়াস ও জন স্টোনসের গোলে গতকাল ঘরের মাঠে ওয়েস্টহাম ইউনাইটেডকে হারিয়েছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগে ২-১ গোলের এই জয় সব প্রতিযোগিতা মিলিয়ে সিটির টানা ২০তম জয়। ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের ৩০ মিনিটে কেভিন ডি ব্রুইনার দুর্দান্ত এক ক্রসে মাথা ছুঁইয়ে দলকে এগিয়ে নিয়ে যান সিটির পর্তুগিজ ডিফেন্ডার ডিয়াস। ৪৩ মিনিটে ওয়েস্টহামের মিখাইল অ্যান্থনিয়ো সমতা ফেরালেও সিটিজেনদের শেষ পর্যন্ত আটকে রাখতে পারেনি ডেভিড ময়েসের দল। সিটির আক্রমণভাগের গোলখরার দিনে দলকে দ্বিতীয়বারের মতো উদ্ধার করে ডিফেন্ডাররা। দ্বিতীয়ার্ধে ৬৮ মিনিটে বক্সের ভেতর রিয়াদ মাহরেজের একটি পাসকে নিপুণভাগে জালে জড়িয়ে সিটির জন্য জয়সূচক গোলটি করেন দলের অন্য সেন্টারব্যাক, জন স্টোনস।