যানবাহনের গতি নিয়ন্ত্রণের ব্যবস্থা প্রয়োজন

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ২২:১৭

কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলাধীন নিয়ামতপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন প্রধান সড়কে চব্বিশ ঘণ্টা যানবাহন চলাচল করে। বিশেষ করে দিনের বেলায় কিশোরগঞ্জ শহর থেকে চামড়াঘাট ও বালিখোলা পর্যন্ত প্রধান সড়কটি যান চলাচলে ব্যস্ত ও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। অনেক সময় রাস্তা পারাপারে পথচারীদের হিমশিম খেতে হয়, বাম পাশের রাস্তা ধরে হাঁটতেও ভয় লাগে। বাসস্ট্যান্ড থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত সড়কের উভয় পাশে বাড়িঘর থাকায় আঙিনা ও সড়কের আশেপাশে শিশু-কিশোরদের খেলাধুলা ও আনাগোনা থাকে। সূর্যের হাসি ক্লিনিক, আবদুল বারী মাস্টার মহাবিদ্যালয় এবং প্রাথমিক বিদ্যালয়সহ একাধিক মসজিদ ও কিন্ডারগার্টেন স্কুল রয়েছে। অতএব, বাসস্ট্যান্ড, রৌহা গোলচত্বর, পরিষদ সংলগ্ন চৌরাস্তা মোড় দুর্ঘটনাপ্রবণ এলাকা। তাই যানবাহনের গতি নিয়ন্ত্রণের জন্য পরিষদ সংলগ্ন প্রধান সড়কে জরুরিভিত্তিতে আশু প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি। এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মোহাম্মদ আবদুল্লাহ

ভাটিয়া পূর্বপাড়া, নিয়ামতপুর, করিমগঞ্জ, কিশোরগঞ্জ