পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের শেখের হাট উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবের ১১টি ল্যাপটপ চুরি হয়েছে। শুক্রবার গভীর রাতে ল্যাব থেকে ল্যাপটপ নিয়ে গেছে। শনিবার সকালে দরজা খুলে দেখা গেছে ল্যাপটপ নেই।
নৈশপ্রহরী সাইফুল ইসলাম বলেন, রাত ১২টা পর্যন্ত আমি পাহারা দিয়েছিলাম। এরপর আমি ঘুমাতে যাই। সকালে ঘুম থেকে ওঠে দেখতে পাই ল্যাবের দরজা খোলা। পরে আমি বিষয়টি শিক্ষকদের জানাই।
শেখের হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান জানান, তার স্কুলের নৈশপ্রহরী সাইফুল ইসলাম রাতে স্কুলেই থাকেন। তা সত্ত্বেও শুক্রবার গভীর রাতে বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবের দরজার হ্যাজবল খুলে চোরেরা ১১টি লাপটপ নিয়ে যান। এ সময় একটি রাউটারও নিয়ে গেছে চোরেরা। শনিবার সকালে খবর পেয়ে বিদ্যালয়ে গিয়ে দেখতে পাই কম্পিউটার ল্যাবের ১১টি ল্যাপটপ চুরি হয়ে গেছে। চুরি যাওয়া ল্যাপটপগুলোর মূল্য প্রায় সাড়ে ৮ লাখ টাকা বলে জানিয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ।
