রাজধানীর কাওরান বাজারে হাসিনা মার্কেটে শনিবার রাতে অগ্নিকাণ্ডে প্রায় শতাধিক দোকান পুড়ে গেছে। রাত পৌনে ৯টায় টিনশেড মার্কেটের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।
ক্ষতিগ্রস্ত দোকানমালিকরা জানান, হাসিনা মার্কেটে প্রায়ই আগুনের ঘটনা ঘটে থাকে। দুই সপ্তাহ আগেও মার্কেটের একটি দোকানে আগুন লাগে। এর দুই বছর আগে অগ্নিকাণ্ডে হাসিনা মার্কেটের তিন শতাধিক দোকান পুড়ে যায়। একটি চক্র এই মার্কেটে আগুন ধরিয়ে দেয় বলে ক্ষতিগ্রস্ত দোকানমালিকরা অভিযোগ করেন। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা জানান, প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টার পর রাত পৌনে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে বলা যাবে।
