লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনার প্রতিবাদে গত শুক্রবার রাজধানীর শাহবাগে বিক্ষোভের সময় গ্রেপ্তার সাত জনকে কারা ফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়া গতকাল শনিবার এই আদেশ দেন। লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ ও শাহবাগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কারা কর্তৃপক্ষ পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে।
গত শুক্রবার রাজধানীর শাহবাগে বিক্ষোভের সময় আটক সাত জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করেছে শাহবাগ থানার পুলিশ। মামলায় অজ্ঞাতনামা আরো ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে। শাহবাগ থানার এসআই মো. মিন্টু বাদী হয়ে এই মামলা দায়ের করেন। এই মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই শহীদুল ইসলাম শহীদ। গ্রেপ্তার হওয়া সাত জন হলেন নারায়ণগঞ্জের তামজিদ হায়দার, কিশোরগঞ্জের নজির আমিন চৌধুরী, নোয়াখালীর এ এস এম তানজিমুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আকিব আহম্মেদ, বরিশালের আরাফাত সাদ, লক্ষ্মীপুরের নাজিফা জান্নাত ও পটুয়াখালীর জয়তী চক্রবর্তী। গ্রেপ্তার সাত জনকে শনিবার আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করে শাহবাগ থানার পুলিশ। উভয় পক্ষের শুনানি শেষে আদালত সাত জনকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে তাদের কারা ফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেয়।
গতকালও শাহবাগে অবরোধ :গতকালও শাহবাগে বিক্ষোভ করেছেন প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা। মিছিল নিয়ে এসে দুপুর সাড়ে ১২টা থেকে আধা ঘণ্টার মতো শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা। এ সময় ঢাকার গুরুত্বপূর্ণ এই মোড় দিয়ে যান চলাচল ব্যাহত হয়। দুপুর ১টার দিকে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে টিএসসি অভিমুখে যাত্রা করেন তারা। আগামী ১ মার্চ স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেন প্রগতিশীল ছাত্রজোটের সমন্বয়ক আল কাদেরী জয়।
শনিবার বেলা সোয়া ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে ‘জনগণের পক্ষ থেকে’ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ঘোষণা করেন ফেডারেশানসহ বামপন্থি নেতৃবৃন্দ। সমাবেশে সভাপতির বক্তব্যে ফেডারেশনের কেন্দ ীয় সভাপতি গোলাম মোস্তফা বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে আগামী এক মাস সারা দেশে সব প্রগতিশীল সংগঠনকে সঙ্গে নিয়ে আমরা বিক্ষোভ কর্মসূচি পালন করব। ঢাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে আমরা বিক্ষোভ করব। এই আইন বাতিল না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ ীয় সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান খান রিচার্ড, ঢাবি শাখার সাংগঠনকি সম্পাদক সজীব হোসেন, ঢাকা মহানগর শাখার সভাপতি সৈকত আরিফ, খুলনা জেলা শাখার আহ্বায়ক আল আমিনসহ প্রমুখ নেতৃবৃন্দ।
তিনটি তদন্ত কমিটি গঠন :মুশতাক আহমেদের মৃত্যুতে এ পর্যন্ত তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়। কমিটিকে আগামী ৪ কর্মদিবসে রিপোর্ট দিতে বলা হয়েছে। মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব তরুণ কান্তি শিকদারকে প্রধান করে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল কালাম, কারা উপ-মহাপরিদর্শক জাহাঙ্গীর কবির ও গাজীপুর জেলা কারাগারের সহকারী সার্জন ডা. কামরুন নাহার। এছাড়া সুরক্ষা সেবা বিভাগের উপসচিব আরিফ আহমদ কমিটিতে সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন। কমিটিকে সুনির্দিষ্ট কিছু দায়িত্ব দেওয়া হয়েছে। তার মধ্যে মুশতাক আহমেদের মৃত্যুতে কারা কর্তৃপক্ষের কোনো প্রকার গাফিলতি ছিল কি না, যদি থাকে তবে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে বলা হয়েছে। পাশাপাশি এই বন্দি কারাগারে আসার পর তার কোনো স্বাস্থ্যগত সমস্যার বিষয়ে কারা কর্তৃপক্ষ অবহিত ছিলেন কি না। যদি থাকেন তবে সে বিষয়ে যথাযথ চিকিত্সার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কি না। যদি না হয়ে থাকে তাহলে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করার দায়িত্ব দেওয়া হয়েছে এই কমিটিকে।
কারা কর্তৃপক্ষ একজন ডিআইজি প্রিজন্সকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করেছে। আগামী তিন কর্মদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। এছাড়া গাজীপুর জেলা প্রশাসন একজন ম্যাজিস্ট্রেটকে প্রধান করে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। আগামী দুই কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জেলা প্রশাসকের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কিশোরের অবস্থাও ভালো নয় : মুশতাকের সঙ্গে গ্রেফতার হওয়া আহমেদ কবির কিশোরের অবস্থাও খুব একটা ভালো নয় বলে দাবি করেছেন তার ভাই আহসান কবির। তিনি বলেন, ‘গত ২৩ ফেব্রুয়ারি যখন তাকে আদালতে হাজির করে তখন আমরা সেখানে দেখা করেছিলাম। তখন কিশোর আমাদের জানিয়েছে, অত্যাচারের কারণে তার বাম পায়ের গোড়ালিতে ইনফেকশন হয়ে গেছে। যে কারণে হেঁটে বেশি দূর যেতে পারে না। কারো সাহায্য নিতে হয়। নির্যাতনে তার কানের পর্দা ফেটে গেছে। চিকিত্সা না হওয়ার কারণে সেখান দিয়ে পুঁজ বের হয়। আর তার ডায়াবেটিস এখন ১৮ থেকে ২৭-এর মধ্যে উঠানামা করে। এই কারণে সে চোখেও খুব একটা ভালো দেখতে পারে না।’
পোস্ট দেওয়ায় খুলনায় একজন আটক : খুলনায় ডিজিটাল নিরাপত্তা আইনে শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্য পরিষদের সমন্বয়ক রুহুল আমিনকে আটক করা হয়েছে। ?এর আগে শুক্রবার রাতে তাকে ভাড়া বাসা থেকে তুলে নিয়ে যায় সাদা পোশাকের পুলিশ। শুক্রবার দুপুরের দিকে কারাগারে মারা যাওয়া লেখক মুশতাক আহমেদকে নিয়ে ফেসবুকে পোস্ট করেছিলেন রুহুল আমিন। তিনি মুশতাক আহমেদের সঙ্গে গ্রেফতার কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের খুলনার বাসায় ভাড়া থাকতেন। সেই বাসা থেকেই তাকে আটক করে খুলনা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
একই সঙ্গে আটক করা হয় শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্য পরিষদের সংগঠক নিয়াজ মুর্শিদকে। তবে রাত সাড়ে ১২টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়। ছাড়া পাওয়ার পর তিনি বলেন, শুক্রবার রাত ১০টার দিকে ডিবি ও কেএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি দল যৌথভাবে ঐ বাসায় অভিযান চালায়। ওই সময় রুহুল আমিনসহ তারা কয়েকজন শ্রমিক রাজনীতি প্রসঙ্গে একটি অনলাইন লাইভ প্রোগ্রামে ছিলেন। সেখান থেকে তাদের তুলে নিয়ে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এরপর রাত সাড়ে ১২টার দিকে নিয়াজ মুর্শিদকে ছেড়ে দেওয়া হয়। তবে রুহুল আমিনকে জিজ্ঞাসাবাদের কথা বলে আটক রাখা হয়। ওই সময়ই তারা জানতে পেরেছিলেন ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে রুহুল আমিনকে গ্রেফতার দেখানো হতে পারে।
জাতীয় মানবাধিকার কমিশনের উদ্বেগ :মুশতাক আহমেদের মৃত্যুতে নিন্দা ও উদ্বেগ প্রকাশ করছে জাতীয় মানবাধিকার কমিশন। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই উদ্বেগ জানায় সংস্থাটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছরের মে মাসে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কথাবার্তা ও গুজব ছড়ানোর অভিযোগে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে র্যাব। কমিশন মনে করে, অনাকাঙ্খিত যে কোনো মৃত্যু সংবিধান ও মানবাধিকারের পরিপন্থি।
