মিয়ানমারে সেনা অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ দমনে কঠোর অবস্থানে নিরাপত্তা বাহিনী। গতকাল বিক্ষোভ চলাকালে গুলিতে এক নারী নিহত এবং অনেকে আহত হয়েছেন। কিছু বিক্ষোভকারীকে গতকালও গ্রেফতার করা হয়েছে। খবর রয়টার্সের
মিয়ানমারের তিনটি মিডিয়া জানিয়েছে, মনবয়া শহরে বিক্ষোভের সময় গুলিতে এক নারী নিহত হয়েছেন। তবে অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, ঐ নারী হাসপাতালে চিকিত্সাধীন। গুলির ঘটনার কারণ জানা যায়নি এবং পুলিশও এ বিষয়ে কিছু জানায়নি। বিক্ষোভকারীদের ওপর দমনের ঘটনা এমন সময়ে আসলো যার দুই দিন আগে জাতিসংঘে মিয়ানমারের দূত যে কোনো উপায়ে সামরিক অভ্যুত্থান বন্ধ করার দাবি জানিয়েছেন।
গতকাল শনিবার বিভিন্ন শহরে পুলিশকে ব্যাপক কঠোর অবস্থানে দেখা যায়। বিক্ষোভকারীরা যেন রাস্তায় ঝামেলা সৃষ্টি করতে না পারে সেজন্য তারা বিক্ষোভস্থলেই অবস্থান করে। অনেককে গ্রেফতারও করে পুলিশ। অনেক সাংবাদিককেও গ্রেফতার করা হয়েছে বলে তাদের সহকর্মী সাংবাদিকরা জানিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পুলিশ দমন অভিযান চালাচ্ছে। ফাঁকা গুলি, স্টান গ্রেনেড ও টিয়ারগ্যাস নিক্ষেপ করা হচ্ছে। তারপরও বিক্ষোভ থামছে না। তরুণ বিক্ষোভকারী শার ইয়ামনে জানিয়েছেন, শান্তিপূর্ণ বিক্ষোভ চললেও পুলিশ অসে¿র মাধ্যমে তার জবাব দেওয়ার চেষ্টা চালাচ্ছে। গতকাল কিছু কিছু স্থানে বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ করে রাখে।
