তৃণমূল ও বিজেপিকে টেক্কা দিতে জাতীয় কংগ্রেসকে নিয়ে মাঠে সিপিএম

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২১, ০০:২৭

বিধানসভা নির্বাচন সামনে। নিজেদের হারানো জমি ফিরে পেতে এবং তৃণমূল ও বিজেপিকে টেক্কা দেওয়ার লক্ষ্যে আজ রবিবার জাতীয় কংগ্রেসকে নিয়ে কলকাতার ব্রিগেড প্যারেড ময়দানে যৌথ সমাবেশ। লক্ষ্য মুসলিম ভোট ব্যাংক ফিরে পাওয়া। অসুস্থ থাকায় পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আসতে পারছেন না। বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থতার কারণে গৃহবন্দি।

শনিবার দেওয়া বার্তায় বুদ্ধদেব বলেছেন, ‘ব্রিগেড সমাবেশ নিয়ে বিভিন্নভাবে খবরাখবর নেওয়ার চেষ্টা করছি। শুনে বুঝতে পারছি বহু মানুষ সমাবেশে আসবেন এবং অনেকে এসে গেছেন। বড় সমাবেশ হবে। এরকম একটা সমাবেশে যেতে না পারার মানসিক যন্ত্রণা বোঝানো যাবে না। মাঠে-ময়দানে কমরেডরা লড়াই করছেন আর আমি শারীরিক অসুস্থতা নিয়ে চিকিত্সকদের পরামর্শ মেনে চলেছি। ময়দানে মিটিং চলছে আর আমি গৃহবন্দি যা কোনো দিন কল্পনাও করতে পারিনি। সমাবেশের সাফল্য কামনা করছি।’

আজকের সমাবেশকে ঘিরে সিপিএম ও কংগ্রেস পশ্চিমবঙ্গের জনমত ফিরে পেতে চাইছে। তাদের লড়াইয়ে শরিক হয়েছে নতুন রাজনৈতিক দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টও। ফুরফুরা শরিফের পিরজাদা আব্বাস সিদ্দিকির এই দল মুসলিম এবং দলিতদের ভোট পেতে ময়দানে নেমেছে। জাতীয় কংগ্রেসের সঙ্গে জোট করে আসন্ন বিধানসভা নির্বাচনের ভোটযুদ্ধ লড়তে চাইছে সিপিএম। আসন সমঝোতা এখনো চূড়ান্ত না হলেও আব্বাস সিদ্দিকির হাত ধরে নিজেদের হারানো মুসলিম ভোট ব্যাংক ফিরে পেতে চাইছে সিপিএম ও কংগ্রেস। গত এক দশকে এই ভোট ব্যাংক হাতিয়ার করেই পশ্চিমবঙ্গের মসনদে রয়েছেন মমতা ব্যানার্জি।