মংলার পশুর চ্যানেলে কার্গোডুবি, ১২ নাবিক জীবিত উদ্ধার

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২১, ১৩:৪৩

মংলা সমুদ্রবন্দরে বিপুল পরিমাণ কয়লা নিয়ে একটি কার্গো জাহাজ ডুবে গেছে। শনিবার দিবাগত গভীর রাতে পশুর চ্যানেলে এই কার্গো ডুবির ঘটনা ঘটে। কার্গোতে থাকা ১২ জন নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে। 

ডুবে যাওয়া কার্গোটির মাস্টার ওসমান জানান, শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে পশুর নদীর হারবাড়িয়া থেকে ৭শ মেট্রিক টন কয়লা বোঝাই করে মংলার দিকে আসছিলাম। বানিয়াশান্তা এলাকায় পৌঁছালে অন্য একটি কার্গোর সঙ্গে ধাক্কা খেয়ে কার্গোর তলা ফেটে যায়। পরে দ্রুত কার্গোটিকে আমরা নিরাপদে নেওয়ার চেষ্টা করি। এক পযায়ে একটি চরে উঠিয়ে দেই। তারপর জাহাজে থাকা সবাই সাঁতরে নিরাপদে উঠে আসি। এরপর জাহাজটি আস্তে আস্তে ডুবে যায়। 

মংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ফখর উদ্দিন বলেন, রাত ১১টার দিকে কয়লা বোঝাই জাহাজটি তলা ফেটে গেলে জাহাজের মাস্টার দ্রুত চরের দিকে উঠিয়ে দেয়। ভোর নাগাদ জাহাজটি ডুবে যায়। 

তবে কার্গোটি বন্দরের পশুর নদীর মুল চ্যানেলের বাহিরে ডুবেছে বলে নৌযান চলাচলে কোন বিঘ্ন ঘটছে না বলে জানান তিনি। 

ইত্তেফাক/এএএম