শ্রীলঙ্কার নতুন ডিরেক্টর অব ক্রিকেট হিসেবে মনোনিত হয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার ও কোচ টম মুডি। ক্রিকেট শ্রীলঙ্কার টেকনিকাল এডভাইসরি কমিটির সুপারিশে রবিবার তাকে এই পদে নিয়োগ দিয়েছে বোর্ড।
ক্রিকেট শ্রীলঙ্কার সাথে তিন বছরের চুক্তি করেছেন মুডি। চুক্তি অনুযায়ী, তিনি বোর্ডের একজন উপদেষ্টা হিসেবে কাজ করবেন। এক বিবৃতিতে ক্রিকেট শ্রীলঙ্কা জানিয়েছে, মুডি শ্রীলঙ্কার ঘরোয়া টুর্নামেন্টগুলোর কাঠামো ও ফিউচার ট্যুর প্রোগ্রামের বিশ্লেষক হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া খেলোয়াড়দের শিক্ষা ও দক্ষতার মাপকাঠি বিশ্লেষণ করবেন। কোচিং স্টাফদের কাঠামো, হাই পারফরম্যান্স ও ডাটা এনালিটিক্সের দেখভালও করবেন তিনি।
এর আগে শ্রীলঙ্কা জাতীয় দলের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন মুডি। তার অধীনেই ২০০৭ বিশ্বকাপের ফাইনালে উঠেছিল লঙ্কানরা। পূর্ব অভিজ্ঞতা ও জ্ঞানের কথা চিন্তা করেই তাকে এই দায়িত্ব দেয়া হয়েছে বলে জানিয়েছেন ক্রিকেট শ্রীলঙ্কার প্রধান নির্বাহী অ্যাশলি ডি সিলভা। সানরাইজার্স হায়দারাবাদ ও ক্যারাবিয়ান প্রিমিয়ার লিগের ডিরেক্টর অব ক্রিকেট পদে কাজ করার পূর্ব অভিজ্ঞতা রয়েছে মুডির।
ইত্তেফাক/এসআই
