সংগঠিত হয়ে দ্রুত আন্দোলনে যাবে বিএনপি :ফখরুল

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৯, ২২:২৮

দলের চেয়ারপারসন কারাবন্দী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে অতি দ্রুত সংগঠিত হয়ে বিএনপি আন্দোলনে যাবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিএনপিকে দূর্বল করার জন্য চক্রান্ত শুরু হয়েছে। তবে চক্রান্তকারীরা সেটা পারবে না। কারণ, যতবার বিপর্যয় এসেছে বিএনপি সাধারণ মানুষকে নিয়ে ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে। আমরা দ্রুত সংগঠিত হয়ে খালেদা জিয়াকে মুক্ত করব এবং তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনব।

গতকাল বৃহস্পতিবার সকালে নয়া পল্টনে দলের কেন্দজিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলপূর্ব বক্তব্যে তিনি এ কথা বলেন।  এসময় বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, ডা. এজেড এম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল আরো বলেন, আওয়ামী লীগ জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। এজন্য একের পর এক গণবিরোধী কাজ করে যাচ্ছে। তারা নির্বাচন ব্যবস্থাকে প্রহসনে পরিণত করে এক দলীয় শাসন ব্যবস্থাকে পাকাপোক্ত করতে চাইছে। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, যারা গণতন্ত্রকে ধ্বংস করেছে, স্বাধীনতা, সার্বভৌমত্বকে বিপন্ন করে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদেরকে পরাজিত করতে হবে। মরহুম কোকোর প্রতি স্মৃতিচারণ করে বিএনপি মহাসচিব বলেন, কোকোর স্বাভাবিক মৃত্যু হয়নি। দীর্ঘদিন ধরে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে হত্যা করা হয়েছে। এর আগে সকাল সাড়ে ৯ টায় বনানী কবরস্থানে মির্জা ফখরুল দলের নেতাকর্মীদের নিয়ে কোকোর কবরে ফুলেল শ্রদ্ধা জানান ও ফাতিহা পাঠ করেন।