সুনামগঞ্জে ধসে পড়ল নির্মাণাধীন ব্রিজ

আপডেট : ০১ মার্চ ২০২১, ২১:২৮

সুনামগঞ্জ-জগন্নাথপুর সড়কে নির্মাণাধীন একটি ব্রিজ ধসে পড়েছে সোমবার ভোরে। কোন্দানালা খালের ওপর নির্মাণাধীন ব্রিজটি গার্ডার বসানোর সময় হাইড্রোলিক জ্যাক বিকল হয়ে ধসে যায়। ব্রিজের পাঁচটি গার্ডার ভেঙে গেছে। প্রায় দুই বছর ধরে ব্রিজটির নির্মাণকাজ চলছিল।

স্থানীয় বাসিন্দা গফুর মিয়া বলেন, ‘নিম্নমানের জিনিসপত্র ব্যবহার করা হয়েছে বলেই সেতুটি ভেঙে গেছে। তবে বিকল্প সড়ক থাকার কারণে সড়কে যান চলাচলে বাধা হয়নি।’

সড়ক ও জনপথ (সওজ) বিভাগ জানায়, ২০১৯-২০ অর্থবছরে সুনামগঞ্জ-জগন্নাথপুর সড়কে ৫৩ কোটি টাকা ব্যয়ে তিনটি সেতু নির্মাণের কাজ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ। বাস্তবায়নের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান এএম বিল্ডার্স। সওজ জানায়, সোমবার ভোরে গার্ডার সেতুর পাটাতনের ওপর বাসানোর কাজ শুরু করে কর্তৃপক্ষ। এ সময় চারটি হাইড্রোলিক জ্যাকের একটি বিকল হয়ে গেলে সেতুটি ধসে গিয়ে মাটিতে বসে যায়। ঠিকাদারি প্রতিষ্ঠান এএম বিল্ডার্সের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হারুনুর রশিদ বলেন, গার্ডার বসানোর সময় হাইড্রোলিক জ্যাক বিকল হয়ে যাওয়ায় এই দুর্ঘটনাটি ঘটে। খুব দ্রুত আবারও সেতুটির নির্মাণকাজ করা হবে বলে তিনি জানান। তিনি জানান, কাজে কোনো অনিয়ম হয়নি।

সুনামগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী কাজী নজরুল ইসলাম বলেন, ‘গার্ডার ধসের ফলে সেতুর মূল কাঠামোর কোনো ক্ষতি হয়নি। ধসে যাওয়া গার্ডারগুলো ঠিকাদার তার নিজ খরচে অপসারণ করে নতুন করে গার্ডার বসিয়ে দিবেন।’