সারিয়াকান্দিতে মা ও শিশুর লাশ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা

আপডেট : ০১ মার্চ ২০২১, ২১:৩০

সারিয়াকান্দি উপজেলার যমুনার দুর্গম চরের ভুট্টাখেত থেকে শেফালী বেগম ও তার ছয় মাস বয়সি শিশুকন্যা রুমানার লাশ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহত শেফালীর বাবা ওসমান গনি মণ্ডল বাদী হয়ে গতকাল সোমবার সারিয়াকান্দি থানায় মামলাটি দায়ের করেন। মামলায় তার জামাতা আল আমিনসহ ছয় জনকে আসামি করা হয়েছে। ঘটনার পর থেকে আল আমিন তার অপর দুই শিশু সুমন(৭) ও রিপনকে (৫) নিয়ে পালিয়েছেন। নিহত শেফালী বেগমের বাবা ওসমান গনি মণ্ডল জানান, তার মেয়েকে যৌতুকের দাবিতে প্রায়ই নির্যাতন করা হতো। সারিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (ওসি) মিজানুর রহমান জানান, ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে দুজনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। মা ও শিশুর লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।