কুড়িগ্রাম জেলার উলিপুর পৌরসভার বকুলতলা থেকে পাতিলাপুর যাওয়ার রাস্তাটি প্রায় পাঁচ বছর ধরে দুদর্শাগ্রস্ত। সাম্প্রতিক সময়ে রাস্তাটি চলাচলের জন্য একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। স্থানীয় উদ্যোগে মাঝে মাঝে সংস্কার করা হলেও তেমন কাজ হয় না। এ রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ ও যানবাহন চলাচল করে। প্রায়শই এই রাস্তায় চলাচলকারী পথচারীদের দুর্ঘটনার সম্মুখীন হতে হয়। রাস্তার ধার ঘেঁষে বড় বড় পুকুর খনন করায় বর্ষার মৌসুমে প্রতিবারই রাস্তা আর পুকুর একাকার হয়ে যায়। শীত মৌসুমে ধুলাবালির কারণেও রাস্তাটি চলাচলের অনুপযোগী থাকে। লক্ষ করা যাচ্ছে, এ রাস্তা দিয়ে যাঁরা নিয়মিত যাতায়াত করেন তাঁদের অনেকে এলার্জি, শ্বাসকষ্ট ও চোখের সমস্যাসহ বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। এ অবস্থায় উল্লিখিত রাস্তাটি সংস্কারের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
এম এস নাবী
১ নম্বর ওয়ার্ড, উলিপুর পৌরসভা, কুড়িগ্রাম
