দামেস্কের দক্ষিণাঞ্চলে হামলা ইসরাইলের

আপডেট : ০১ মার্চ ২০২১, ২১:৫৬

সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণাঞ্চলের প্রত্যন্ত এলাকায় ইসরাইল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটি। গত রবিবার সন্ধ্যার দিকে এ হামলা চালানো হয়। তবে অধিকাংশ ক্ষেপণাস্ত্রই আঘাত হানার আগে তা ধ্বংস করা হয়েছে বলে সিরিয়ার পক্ষ থেকে বলা হয়েছে। আলজাজিরা

সিরিয়ার সরকারি মিডিয়া জানিয়েছে, ঐ দিন সন্ধ্যায় গোলান মালভূমি থেকে দামেস্ককে লক্ষ্য করে ইসরাইল বেশ কয়েকবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। তবে এয়ার ডিফেন্স সিস্টেম অধিকাংশ মিসাইল ধ্বংস করতে সমর্থ হয়েছে। কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, দামেস্কের দক্ষিণে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এখানেই ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ও হিজবুল্লাহর ঘাঁটি। এই হামলা নিয়ে কোনো কথা বলতে চাননি ইসরাইলের সামরিক মুখপাত্র। তবে দেশটির সরকারি সংস্থা কান জানিয়েছে, সেখানকার সেনা কর্মকর্তারা ঐ দিন সন্ধ্যায় আলোচনায় বসেছিলেন। তারা ওমান উপসাগরে ইসরাইলের একটি জাহাজে ইরানের হামলা নিয়ে আলোচনা করেন। ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, তার বিশ্বাস তার দেশের পণ্যবাহী জাহাজে ইরানই হামলা চালিয়েছে। সিরিয়ায় ইরানের ক্রমবর্ধমান প্রভাব ঠেকাতে ইসরাইল এখন প্রায় প্রতি সপ্তাহেই দেশটিতে হামলা চালাচ্ছে। তেল আবিবের দাবি, ইরানি বাহিনীর সিরিয়ায় থাকার কোনো অধিকার নেই। তেহরান যাতে সেখানে কোনো প্রভাব বিস্তার করতে না পারে, সেজন্য ইসরাইল সক্রিয়।