ভিলারিয়ালকে ২-০ গোলে হারিয়ে গত রবিবার লা লিগার শীর্ষে ৫ পয়েন্টের ব্যবধান তৈরি করেছে ডিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো মাদ্রিদ। ওদিকে সিরি আ’তে জেনোয়াকে ৩-০ গোলে হারিয়ে টেবিলের শীর্ষস্থান আরো পাকাপোক্ত করেছে ইন্টার মিলান। দিনের অপর ম্যাচে রোমাকে ২-১ গোলে হারিয়ে নগর প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে শিরোপার লড়াইয়ে টিকে থাকার ইঙ্গিত দিয়েছে দ্বিতীয় স্থানে থাকা এসি মিলান।
টানা দুই ম্যাচে পয়েন্ট খোয়ানোর পর আবার জয়ের ধারায় ফিরেছে অ্যাটলেটিকো। রবিবার ভিলারিয়ালের ঘরের মাঠে ম্যাচের প্রথম গোলটি করেছে ভিলারিয়াল ফুলব্যাক আলফানসো পেদ্রাসা। তার আত্মঘাতী গোলেই প্রথমার্ধের ২৫ মিনিটে এগিয়ে যায় অ্যাটলেটিকো। দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন অ্যাটলেটিকোর পর্তুগিজ বিস্ময়বালক জোয়াও ফেলিক্স। এই জয়ে ২৪ ম্যাচ খেলে ৫৮ পয়েন্ট কুড়ানো অ্যাটলেটি দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার সঙ্গে ৫ পয়েন্টের ব্যবধান তৈরি করেছে। রিয়াল মাদ্রিদ ও বার্সার সঙ্গে এরকম ব্যবধান আর ১৪ ম্যাচে ধরে রাখতে পারলে ২০১৩-১৪ মৌসুমের পর আবার লিগ শিরোপার দেখা পাবে সিমিওনের শিষ্যরা।
ওদিকে সিরি আ’তে জয়ের ধারা ধরে রেখেছে ইন্টার মিলান। রোমেলু লুকাকু, মাতেয়ো দারমিয়ান ও অ্যালেক্সিস সানচেজের গোলে রবিবার জেনোয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানের বড় জয় পেয়েছে অ্যান্থনিয়ো কন্তের দল। এ নিয়ে লিগে টানা পাঁচ ম্যাচে ৩ পয়েন্ট নিশ্চিত করেছে ইন্টার। রবিবার জয়ের দেখা পেয়েছে মিলানের অন্য পরাশক্তি এসি মিলানও। রোমাকে ২-১ গোলে হারানোর পথে মিলানের হয়ে গোল করেছেন ফ্র্যাংক কেসি ও আনতে রেবিচ। এই জয়ে শীর্ষে থাকা ইন্টারের ৪ পয়েন্টের ব্যবধানে চলে এসেছে মিলান।
