বাগেরহাট প্রতিনিধি
পূর্ব বঙ্গোপসাগরে জলদস্যুদের হামলায় বাগেরহাটের শরণখোলার এফবি রিসান-১ নামের ফিশিং ট্রলারের ১৪ জেলে আহত হয়েছেন। জলদস্যুরা ট্রলারের মাছসহ প্রায় ২৫ লাখ টাকার মালামাল লুট করেছে। ট্রলারটি বৃহস্পতিবার বিকেলে শরণখোলা উপজেলার রাজৈর মত্স্য অবতরণ কেন্দ্রে ফিরে এসেছে। আহত জেলেদের বিকালে শরণখোলায় প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে।
আহত জেলেরা হলেন, ট্রলারের মিস্ত্রি আজিজুল, মাঝি নুর ইসলাম, জেলে ইমাম হোসেন, নিয়ামুল, আ. রাজ্জাক, শামীম, মাসুম হাওলাদার, আ. আজিজ, রফিক শেখ, সাহেব আলী, আ. রব ও আনোয়ার হোসেন। এদের বাড়ি বাগেরহাট ও ভোলার বিভিন্ন এলাকায় বলে ট্রলার মালিক জানিয়েছেন।
ট্রলারের মাঝি মো. নূর ইসলাম জানান, বুধবার রাত ১০টার দিকে তারা বঙ্গোপসাগরের গভীর জাহাজখাড়ী এলাকায় জাল ফেলে মাছ শিকার করছিলেন। এ সময় ৬ জনের মুখোশ পরাসহ ১৫ থেকে ১৬ জনের একদল জলদস্যু একটি ট্রলারে এসে তাদের ফিশিং ট্রলারে হানা দেয়।
এফবি রিসান- ১ ট্রলারের মালিক মো. মনির হাওলাদার বলেন, এব্যাপারে শরণখোলা থানায় অভিযোগ করা হয়েছে।
শরণখোলা উপজেলার ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি মো. আবুল হোসেন বলেন, পশ্চিম বঙ্গোপসাগর ও সুন্দরবন অঞ্চলের দস্যুরা আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসায় এখানে জেলেরা এখন নিরাপদে মাছ ধরছে। তবে, পূর্ব বঙ্গোপসাগরে এখনো জলদস্যুরা সক্রিয় রয়েছে। শরণখোলার ট্রলারটি পূর্ব বঙ্গোপসাগরের গভীরে ঢুকে জলদস্যুদের কবলে পড়ে সবকিছু হারিয়েছে।
