ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, জালিয়াতি ও পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৬৩ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে প্রশ্নফাঁস ও জালিয়াতির দায়ে সাত জন, বেশ কিছু অভিযোগে আরো পাঁচ জন শিক্ষার্থী ও অভ্যন্তরীণ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১৫১ জনকে বহিষ্কার করা হয়। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট এ সিদ্ধান্ত নেয়। গত রবিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত সিন্ডিকেটের এই সভায় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভাপতিত্ব করেন। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিষদের করা সুপারিশ অনুযায়ী বহিষ্কারের এসব সিদ্ধান্ত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের (ডিবি) সদস্যসচিব এ কে এম গোলাম রব্বানী এসব তথ্য জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিজিটাল জালিয়াতি ও অবৈধ পন্থায় ভর্তিসহ বিভিন্ন অভিযোগ প্রমাণিত হওয়ায় ১২ জন শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এছাড়া, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১৫১ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, আগে দুই দফায় আজীবন বহিষ্কৃত ৭৮ জন, এবারের বহিষ্কার হওয়া সাত জন এবং কারণ দর্শানোর নোটিশ পাওয়া দুই জন—এই ৮৭ জনের প্রত্যেকেই পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) করা মামলার আসামি।
