সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নতুন একটি রাজনৈতিক দল গঠনের ব্যাপারে তার কোনো পরিকল্পনা নেই। ফ্লোরিডাতে রক্ষণশীলদের এক সম্মেলনে দেওয়া বক্তব্যে সাবেক প্রেসিডেন্ট এই মন্তব্য করেন। জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম কোথাও ভাষণ দিলেন ট্রাম্প যাতে তিনি ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইঙ্গিত দিয়েছেন। ট্রাম্প নতুন সরকারের কঠোর সমালোচনা করে বলেছেন, যুক্তরাষ্ট্রের স্বার্থ এখন সবার আগের পরিবর্তে সবার শেষে চলে গেছে। খবর বিবিসির
অরল্যান্ডোতে স্থানীয় সময় রবিবার কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্স (সিপিএসি) সম্মেলনে উপস্থিত হয়ে তিনি যে ভাষণ দিয়েছেন তা থেকে বোঝা যায় রিপাবলিকান পার্টির ভেতরে এখনো তার প্রভাব রয়েছে। এই সম্মেলনকে যুক্তরাষ্ট্রের রক্ষণশীলদের একটি প্রভাবশালী সমাবেশ হিসেবে গণ্য করা হয় এবং রিপাবলিকান পার্টির দিকনির্দেশনার বিষয়ে এটিকে বিবেচনা করা হয় ব্যারোমিটার হিসেবে। ১৯৭৪ সাল থেকে এই সম্মেলনটি হয়ে আসছে।
সম্মেলনের পরিবেশ ছিল পুরোপুরি ট্রাম্পপন্থি। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই সম্মেলনে আরো যারা বক্তব্য রেখেছেন তাদের মধ্যে ছিলেন—টেক্সাসের সেনেটর টেড ক্রুজ এবং ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটারে এখনো নিষিদ্ধ ট্রাম্প। গত জানুয়ারিতে ক্যাপিটল হিলে সহিংস হামলার এসব প্ল্যাটফরম তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। হোয়াইট হাউজ ছেড়ে যাওয়ার পর থেকে তিনি ফ্লোরিডাতে তার গলফ কোর্সের রিসোর্টে বসবাস করছেন।
কী বলেছেন ট্রাম্প?
৭৪ বছর বয়সি সাবেক প্রেসিডেন্ট যখন ভাষণ দিতে মঞ্চে আরোহণ করেন তখন তার সমর্থকরা চিত্কার করে তাকে স্বাগত জানায়। এ সময় অনেকের মুখেই মাস্ক ছিল না। ট্রাম্প বলেন, ‘আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি এটা ঘোষণা করতে যে, চার বছর আগে আমরা সবাই মিলে যে অবিশ্বাস্য যাত্রা শুরু করেছিলাম সেটা এখনো শেষ হয়ে যায়নি। আমাদের ভবিষ্যত্ নিয়ে কথা বলতে আমরা এখানে জড়ো হয়েছি। আমাদের আন্দোলনের ভবিষ্যত্, আমাদের দলের ভবিষ্যত্ এবং আমাদের প্রিয় দেশের ভবিষ্যত্’।
নতুন একটি রাজনৈতিক দল গঠনের ব্যাপারে যেসব কথাবার্তা শোনা যাচ্ছিল সেগুলোকে তিনি গুজব বলে উড়িয়ে বলেন, এসব ভুয়া খবর। এরপর তিনি কৌতুক করে বলেন, এটা কি দারুণ ঘটনা হবে না? চলুন আমরা নতুন একটা দল করি যাতে আমাদের ভোট বিভক্ত হয়ে যায় এবং আমরা আর কখনো জিততে পারব না। আমাদের আছে রিপাবলিকান পার্টি। এই দলটি এখন আগের যে কোনো সময়ের তুলনায় সবচেয়ে বেশি একতাবদ্ধ এবং শক্তিশালী হয়ে উঠবে, বলেন ডোনাল্ড ট্রাম্প।
নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যাওয়া এবং ক্যাপিটল হিলে দাঙ্গার পর তীব্র সমালোচনার মুখে পড়লেও ট্রাম্প তার ভোটারদের কাছে এখনো প্রচণ্ড জনপ্রিয়। গত সপ্তাহে তার ভোটারদের ওপর একটি জরিপ চালানো হয়েছে এবং তাতে দেখা গেছে, তিনি যদি রিপাবলিকান পার্টি ছেড়ে একটি নতুন দল গঠন করেন, সমর্থকদের ৪৬ শতাংশ তাকেই ভোট দেবেন।
সিপিএসি সম্মেলনে দেওয়া ভাষণেও তিনি দাবি করেন যে নির্বাচনে কারচুপি ও অনিয়মের কারণে তিনি ডেমোক্র্যাদের কাছে হেরে গেছেন। এ সময় তিনি ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ারও ইঙ্গিত দেন। তিনি বলেন, কে জানে আমি তাদেরকে তৃতীয় বারের মতো পরাজিত করার ব্যাপারেও সিদ্ধান্ত নিতে পারি। প্রেসিডেন্ট বাইডেন সরকারের সমালোচনা করতে গিয়ে তিনি বলেন, আমরা সবাই জানি বাইডেন প্রশাসন খারাপ করবে কিন্তু তারা কতটা খারাপ করবে আমাদের কেউ সেটি কল্পনা করতে পারবে না। এই বক্তব্যের মাধ্যমে ট্রাম্প আবার রাজনীতিতে ফিরলেন বলে ধারণা করছেন বিশ্লেষকরা।
