হার্টের চিকিত্সার জন্য প্রিন্স ফিলিপকে অন্য হাসপাতালে স্থানান্তর

আপডেট : ০২ মার্চ ২০২১, ০০:৫৩

 

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপকে লন্ডনের এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। হার্টের পরীক্ষার জন্য তাকে অন্য হাসপাতালে নেওয়া হয় বলে বাকিংহাম প্যালেস জানিয়েছে। অসুস্থবোধ করায় ৯৯ বছর বয়সি ডিউক অব এডিনবার্গকে কিং এডওয়ার্ড (সপ্তম) হাসপাতালে গত ১৭ ফেব্রুয়ারি ভর্তি করা হয়। পরে প্যালেস জানায়, তাকে ইনফেকশনের চিকিত্সা দেওয়ার প্রয়োজন। এই হাসপাতালে প্রিন্স ফিলিপ ১৪ দিন এবং ১৩ রাত কাটিয়েছেন। গতকাল সোমবার তাকে লন্ডনের সেইন্ট বারথোলোমিউস হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তাকে ইনফেকশনের চিকিত্সাসহ তার হার্ট পর্যবেক্ষণের জন্য পরীক্ষাও করা হবে। হার্টের চিকিত্সার জন্য এই হাসপাতাল বিখ্যাত। রাজপ্রাসাদ জানিয়েছে, প্রিন্স ফিলিপ এখন সুস্থবোধ করছেন। তবে আরো সুস্থতার জন্য তাকে এই সপ্তাহ হয়তো হাসপাতালে থাকতে হবে। —সিএনএন