বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী এবং চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীকে পাঁচতারকা হোটেল ব্যবসা ও কোটি টাকা অস্বাভাবিক লেনদেনসহ বিভিন্ন দেশে অর্থপাচারের অভিযোগে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার সকাল সোয়া ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দুদকের প্রধান কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের প্রধান কার্যালয়ে অনুসন্ধান কর্মকর্তা কমিশনের উপ-পরিচালক সেলিনা আখতার তাকে জিজ্ঞাসাবাদ করেন।
এদিকে জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, আমাকে দুদকে ডাকা হয়েছে, যা জানতে চেয়েছে তার জবাব দিয়েছি। আমি সাধারণ জীবনযাপন করেছি, আমার ইন্টেগ্রিটি নিয়ে প্রশ্ন করার কোনো সুযোগ নাই। আমার জীবনযাপন সম্পর্কে আপনারা জানেন। সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কেন এখানে ডাকা হয়েছে, কী তার উদ্দেশ্য আপনারা বোঝেন।
দুদক সূত্র জানায়, বিএনপির এই নেতার বিরুদ্ধে বেনামে পাঁচ তারকা হোটেল ব্যবসা, ব্যাংকে কোটি কোটি টাকার অবৈধ লেনদেনসহ বিভিন্ন দেশে অর্থ পাচার এবং নিজ, স্ত্রী ও পরিবারের অন্য সদস্যদের নামে শেয়ার ক্রয়সহ জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী তাহেরা আলম ও আত্মীয় গোলাম সরোয়ারকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হলেও তিনি একাই হাজির হন।
