রাজিবপুরে থামছে না মাদক কেনাবেচা

আপডেট : ০২ মার্চ ২০২১, ২১:৫৬

রাজিবপুরে মাদক পাচারকারীরা প্রতিনিয়ত নতুন কৌশলে মাদক পাচার করছে। এলাকায় ইয়াবা, গাঁজা, ফেনসিডিল ও মদের চালান প্রবেশ এবং কেনাবেচা কোনোভাবেই থামছে না। মোটরসাইকেলে, প্রতিবন্ধী সেজে লাঠিতে করে, ওষুধ কোম্পানির প্রতিনিধি সেজে, গাড়িতে বিভিন্ন স্টিকার লাগিয়ে ও যাত্রী সেজেও মাদক পাচার হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। রাজিবপুর থানার ওসি নবিউল হাসান বলেন, রাজিবপুরে বিভিন্ন পয়েন্টে মাদক ব্যবসায়ীদের তত্পরতা অবগত আছি। তাই এলাকায় আমাদের তত্পরতাও বাড়ানো হয়েছে। মাদকের চালান অভিযানে ধরা পড়লে পরে ভিন্ন কৌশলে পাচারের চেষ্টা করে। এতে করে মাদক পাচার সম্পূর্ণ বন্ধ করা যায় না। তিনি বলেন, গত এক বছরে পুলিশ, বিজিবি ও র্যাবের অভিযানে ৭৯ জনকে নানা কৌশলে মাদক পাচারকালে গ্রেফতারে ৪২টি মাদক আইনে মামলা করেছে রাজিবপুর থানা।

কুড়িগ্রাম জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু জাফর বলেন, এলাকায় বেশি বেশি যৌথ অভিযান পরিচালনা করলে মাদক পাচার কিছুটা কমবে। তবে বিশাল সীমান্তে সীমিত সংখ্যক জনবল দিয়ে মাদক নির্মূল সম্ভব হচ্ছে না বলে জানান তিনি।