বাংলাদেশ গেমস

ক্রিকেট ইভেন্টের তিন নারী দল ঘোষণা

আপডেট : ০২ মার্চ ২০২১, ২২:০৮

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস শুরু হবে এপ্রিলে। গেমস চলাকালীন দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিরুদ্ধে হোম সিরিজ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তাই মূল গেমসের আগেই মাঠে গড়াবে নারীদের ক্রিকেট ইভেন্ট।

গতকাল গেমসের নারী দলের ক্রিকেট ইভেন্টের সূচি ঘোষণা করেছে বিসিবি। যেখানে অংশ নেবে তিনটি দল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ওয়ানডে ফরম্যাটে ম্যাচ হবে চারটি। গতকাল বাংলাদেশ রেড, ব্লু, গ্রিন নামে তিন দলের স্কোয়াডও ঘোষণা করেছে বিসিবি।

৬ মার্চ রেড-ব্লু, ৮ মার্চ গ্রিন-ব্লু, ১০ মার্চ রেড-গ্রিন দলের ম্যাচ অনুষ্ঠিত হবে। ১২ মার্চ ফাইনালে মুখোমুখি হবে সেরা দুই দল।

তিনটি দলেই জাতীয় দলের ক্রিকেটারদের বাইরেও অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা সুযোগ পেয়েছেন। রেড দলের কোচ ফয়সাল হোসেন ডিকেন্স, গ্রিন দলের কোচ দীপু রায় চৌধুরী, ব্লু দলের কোচ হিসেবে থাকবেন শাহনেওয়াজ শহিদ শানু।