চীনকে পায়ুপথে করোনা ভাইরাসের পরীক্ষা বন্ধের আহ্বান জানিয়েছে জাপান। এ বছরের জানুয়ারি থেকে চীনে অন্য কোনো দেশের নাগরিক প্রবেশ করলে এভাবে করোনা পরীক্ষা করা হয়। মঙ্গলবার দূতাবাসের মাধ্যমে বেইজিংকে এ ধরনের পরীক্ষা বন্ধ করতে বলে জাপান। তবে এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানায়নি বেইজিং।
বর্তমানে চীনে করোনা ভাইরাসের সংক্রমণ এখন অনেকটাই নিয়ন্ত্রণে। চীনে প্রবেশ করা জাপানের কেউ কেউ অভিযোগ করেছেন, এ পদ্ধতিটি তাদের মনস্তাত্ত্বিক সংকট তৈরি করেছে। মার্কিন কূটনীতিকদেরও পায়ুপথে করোনা পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে, এমন কথা বলেছিল বেইজিং। গত সপ্তাহে মার্কিন সংবাদমাধ্যমে এ নিয়ে প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি অস্বীকার করে চীন। জাপানের মন্ত্রিপরিষদের প্রধান কাতসু নবু কাতো বলেন, কিছু জাপানি নাগরিক চীনে আমাদের দূতাবাসকে জানিয়েছেন, তারা পাযুপথে করোনা পরীক্ষা করার কারণে প্রচণ্ড মানসিক যন্ত্রণায় ভুগছেন। তবে কতজন জাপানি নাগরিক এ জাতীয় পরীক্ষা করেছেন তা জানা নেই বলে তিনি জানান। এই পরীক্ষাগুলো চীন প্রবেশকারীদের ওপর ব্যবহার করা হচ্ছে। তিনি আরো বলেন, বিশ্বের আর কোথাও এ ধরনের পরীক্ষা হয় না। তবে এ জাতীয় পরীক্ষা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যেও মতবিরোধ রয়েছে।
