মালয়েশিয়ার নতুন রাজা নির্বাচিত হয়েছেন দেশটির পাহাং রাজ্যের সুলতান আব্দুল্লাহ যিনি মাত্র কয়েকদিন আগে এই অঙ্গরাজ্যের সুলতান হিসেবে শপথ নিয়েছিলেন। এর আগের রাজা সুলতান পঞ্চম মুহাম্মদ হঠাত্ করে সিংহাসন ত্যাগ করার পর দেশটিতে নতুন রাজার নির্বাচন অনুষ্ঠিত হলো। নতুন রাজা আগামী ৩১ জানুয়ারি শপথ নেবেন বলে আশা করা হচ্ছে। খবর বিবিসির
মালয়েশিয়ার রাজার আনুষ্ঠানিক পদবি হলো ‘ইয়াং দ্য পারতুয়ান আগং’। দেশটির সংবিধানে রাজতন্ত্রের পদ্ধতিটি একেবারেই ভিন্ন ধরনের। দেশটির ৯টি রাজ্যের মধ্যে প্রতি পাঁচ বছর পর পর রাজা নির্বাচিত হন ক্রমানুসারে। মাত্র কিছুদিন আগে দেশটির ইতিহাসে নজিরবিহীনভাবে রাজার পদ থেকে সরে গিয়েছিলেন কেলানতান প্রদেশের সুলতান পঞ্চম মুহাম্মদ। দায়িত্ব নেওয়ার মাত্র দু’বছরের মাথায় রাজার মুকুট ত্যাগ করেন তিনি যা দেশটির ইতিহাসে প্রথম।
রাজার পদটি মূলত আনুষ্ঠানিক এবং দেশটিতে ক্ষমতা মূলত পার্লামেন্ট ও প্রধানমন্ত্রীর হাতে। কিন্তু অনেক গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেয়ার দায়িত্ব তার। যেমন-প্রধানমন্ত্রী। তবে তিনি নিজেই মালয়েশিয়ায় ইসলাম ধর্মের নেতা এবং সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফ। আবার ক্ষমা মঞ্জুর করার ক্ষমতা আছে তার। সাবেক বিরোধী নেতা আনোয়ার ইব্রাহিমকে যেমন গত বছর নির্বাচনের পর পূর্ববর্তী রাজা ক্ষমা করেছিলেন।
