বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, গত সোমবার রাতে গ্রেফতারের উদ্দেশ্যে পুলিশ ঢাকা জেলা ছাত্রদলের সদস্য সজীব রায়হানকে বাসায় না পেয়ে তার তিন ভাই জুয়েল, সোহেল ও সুমনকে সম্পূর্ণ অন্যায়ভাবে তুলে নিয়ে গেছে। এই ঘটনা আওয়ামী গেস্টাপো বাহিনীর আরেকটি নির্মম ও দুঃসহ দৃষ্টান্ত। গতকাল মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, একদিকে বিক্ষোভ বানচাল করার জন্য উন্মত্ত পুলিশের বেপরোয়া লাঠিপেটায় রক্তাক্ত করা, অন্যদিকে গ্রেফতার করে রিমান্ড নামক টর্চারিং মেশিনে ঢুকিয়ে ছাত্রদল নেতাদের নির্যাতনে যে ভয়াবহ দুর্ভোগ পোহাতে হচ্ছে তা নজিরবিহীন। সজীব রায়হানকে বাসায় না পেয়ে তার ভাইদের ধরে নিয়ে যাওয়া নািসবাদের চরম বহিঃপ্রকাশ। রিজভী আরো বলেন, লেখক মুশতাক আহমেদের মৃত্যু ও জিয়াউর রহমানের খেতাব বাতিলের প্রতিবাদে প্রেসক্লাবের সামনে ছাত্রদলের শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের অতর্কিত হামলায় শতাধিক নেতাকর্মী গুরুতর আহত হন। এই বর্বরোচিত আক্রমণের পরও পুলিশ থেমে নেই। এরই মধ্যে ছাত্রদলের ১৩ জন নেতাকে গ্রেফতার করে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে পৈশাচিক নির্যাতন চালানো হচ্ছে। এর মধ্যে গত পরশু সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য আনিসুর খন্দকার অনিক, এফ রহমান হল ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জুলফিকার জিসান ও সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদলের কর্মী আতিক মোর্শেদকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তিনি অবিলম্বে গ্রেফতারকৃতদের রিমান্ড বাতিল ও মামলা প্রত্যাহার করে মুক্তির দাবি জানান। সজীব রায়হানের তিন ভাই যাদের রাজনীতির সঙ্গে কোনোই সম্পর্ক নেই তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানান তিনি।
