রাজশাহীর বাগমারায় নবম শ্রেণির এক স্কুলছাত্রী বিষ পান করে আত্মহত্যা করেছে। ঐ স্কুল ছাত্রীর নাম আরিফা খাতুন (১৫)। সে ভটখালী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। সে উপজেলার ঝিকরা ইউনিয়নের চক সেউজবাড়ী গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে। কি কারণে সে বিষ পান করেছে তা পরিবারের লোকজন বলতে পারছে না। তবে এলাকার লোকজন বলছে প্রেম ঘটিত কারণেই আরিফা আত্মহত্যা করেছে।
রাউজান (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, রাউজান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গহিরা এলাকায় স্ত্রীর তালাকে যুবক আলমগীর (২৫) গতকাল ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। আত্মহননকারী মো. আলমগীর এলাকার মৃত জহুরুল ইসলামের ছেলে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন বলেন, মূল রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।
মির্জাপুরে আত্মহত্যার ঘটনায় মামলা
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের সৈয়দপুর গ্রাম্য সালিশে প্রেমিক-প্রেমিকাকে মারপিট ও জুতাপেটা করায় লোকলজ্জায় কিশোরী প্রেমিকা হাসি আক্তার (১১) আত্মহত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। কিশোরীর পিতা বাদী হয়ে হত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে প্রেমিক মাসুমকে আসামি করে মামলা করেন। এদিকে কিশোর প্রেমিক মাসুম (১৬) সপরিবারে পলাতক রয়েছে। তাকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে এলাকাবাসী।
