আফগানিস্তানে তিন নারী মিডিয়াকর্মীকে গুলি করে হত্যা

আপডেট : ০৩ মার্চ ২০২১, ০০:৩১

আফগানিস্তানে তিন নারী মিডিয়াকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার পূর্ব আফগানিস্তানের জালালাবাদ শহরে কাজ শেষে বাড়ি ফেরার পথে তাদের গুলি করা হয়। স্থানীয় টিভি চ্যানেল এনিকাস জানিয়েছে, এসব নারী মিডিয়াকর্মী তাদের প্রতিষ্ঠানে কাজ করতেন। টেলিভিশন চ্যানেলটির পরিচালক জামলাই লতিফি জানান, কাজ শেষে হেঁটে বাড়ি ফেরার পথে দু’টি পৃথক স্থানে তাদের লক্ষ্য করে গুলি করা হয়। তারা ঘটনাস্থলেই মারা যান। তাদের সঙ্গে দুইজন পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। হাইস্কুলে অধ্যয়ন করা এসব নারীর বয়স ১৮ এবং ২০ বছরের মধ্যে। হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি। -আলজাজিরা