ধনী পরিবারের সন্তানদের টার্গেট করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে বড় লোক হওয়ার স্বপ্ন দেখছিল অপহরণ চক্রের সদস্যরা। ওই স্বপ্ন বাস্তবায়ন করতে সাভারের আশুলিয়ায় ৬ বছরের এক শিশুকে অপহরণের পর ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে শিশুটিকে হত্যা করা হবে বলেও হুমকি দেয়। এরপর আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন শিশুটির বাবা। ওই মামলায় অপহরণকারী চক্রের দুই সদস্যকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় শিশুটিকে। গতকাল দুপুরে র্যাব-৪ কার্যালয়ে মিরপুরের পাইকপাড়া কার্যালয়ে অতিরিক্ত ডিআইজি মো. মোজাম্মেল হক এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. জাকির হোসেন (২১) ও শান্ত মিয়া (২৯)।
মোজাম্মেল হক বলেন, ৬ বছরের শিশু মো. আলী হোসেনকে অপহরণ করে ঢাকার আশুলিয়া এলাকা থেকে চট্টগ্রামে নিয়ে যায় অপহরণকারীরা। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে অপহরণের পাঁচ দিন পর রোববার রাতে চট্টগ্রামের হাটহাজারীর সেকেন্দার কলোনি এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার ও অপহরণকারী দুই জনকে আটক করা হয়।
ডেমরায় অপহূত শিশু উদ্ধার : রাজধানীর ডেমরা থানা এলাকায় অপহূত শিশু জুবায়েরকে (৬) উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার কালীগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করে তাকে উদ্ধার করা হয়। এসময় অপহরণকারী মো. নাজমুল শেখকে (২২) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার তাকে আদালতে তোলা হলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বলে জানিয়েছে পুলিশ। গত ২৭ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে চিপস কেনার জন্য বাসার সামনের দোকানে গিয়ে নিখোঁজ হয় জুবায়ের। পরে সোমবার এ বিষয়ে মামলা করেন শিশুটির বাবা রাজীব ভূঁইয়া। মুক্তিপণ আদায়ের জন্যই শিশুটিকে অপহরণ করা হয়েছিলো বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্টরা।
