শিক্ষার্থীদের রাজস্ব বিষয়ে ধারণা দিতে বেনাপোল কাস্টম হাউসের উদ্যোগ

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৯, ০৯:২৯

এই প্রথম বেনাপোল কাস্টম হাউসের উদ্যোগে স্থানীয় মাধ্যমিক পর্যায়ের স্কুল মাদ্রাসার শিক্ষার্থীদের অর্থনীতি, রাজস্ব, শুল্ক, কর ও ভ্যাট সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষে কাস্টম হাউস কর্তৃপক্ষের দেয়া পূর্ব নির্ধারিত সিলেবাসের উপর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

 

বেনাপোল কাস্টম হাউসের এডুকেশন ফোরামের ১২ সদস্য বিশিষ্ট্য কমিটির নেতারা  বৃহস্পতিবার বিকালে বেনাপোল কাস্টম ক্লাবে ১০০ জন শিক্ষার্থীর পরীক্ষা নিয়েছেন। শার্শা উপজেলার ২০টি মাধ্যমিক বিদ্যালয় এবং ৫টি মাদ্রাসার ৪ জন করে শিক্ষার্থী  এ পরীক্ষায় অংশ গ্রহণ করেন। পরীক্ষায় অংশ গ্রহণকারী সেরা ১০ জনকে পুরস্কৃত করা হবে। 

 

এ দিকে পরীক্ষা শুরুর আগে দুপুর ২টায় ছাত্র-ছাত্রীদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কাস্টম এডুকেশন ফোরামের সদস্যরা। ৫০ মার্কের এ পরীক্ষায় সময় নির্ধারণ করা হয় ১ ঘণ্টা। পরীক্ষা শেষে শিক্ষার্থীদের মাঝে আর্ন্তজাতিক কাস্টমস দিবসের টি-শার্ট এবং খাবার বিতরণ করা হয়।

 

বেনাপোল কাস্টমস এডুকেশন ফোরামের এ কর্মকাণ্ডের উদ্দেশ্য  সম্পর্কে কমিটির সদস্য সচিব সহকারী কমিশনার কাজী মুর্শিদা খাতুন জানান, এ কর্মকাণ্ডে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা জানতে পারবেন- আমরা কেন কর দেব? করের টাকায় কি হয়?  দেশকে উন্নত করতে হলে কর দিতে হবে। দেশ প্রেম থেকে সকলকে কর দিতে হবে। তাছাড়া শিক্ষার্থীরা জানতে পারবেন বাজেট কি? বাজেটের অর্থের উৎস, এনবিআর, কাস্টমস, আয়কর, ভ্যাট, আমদানি-রফতানি, কাস্টম হাউস, বন্দর, সি অ্যান্ড এফ এজেন্ট, পণ্য খালাসের পদ্ধতি ও প্রক্রিয়া।

বেনাপোল কাস্টম হাউসের কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী জানান,  দেশের নাগরিকদের আধুনিক ও যুগোপযোগী সেবা দিতে নিয়োজিত এনবিআর। এনবিআর এর অধীনস্থ একটি প্রতিষ্ঠান কাস্টম হাউস। বেনাপোল দেশের বৃহত্তম স্থলবন্দর। ২০১৭-১৮ অর্থবছরে ৫৫০০ কোটি টাকা রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণের প্রত্যয় নিয়ে কাস্টম হাউস বেনাপোল কাজ করে যাচ্ছে। দেশের অর্থনীতি তথা রাজস্ব আহরণ, আমদানি-রফতানি ও কাস্টমসের আলোকিত বার্তা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে বেনাপোল কাস্টমস এডুকেশন ফোরাম নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

 

ইত্তেফাক/ইউবি