অ্যাগারের ঘূর্ণিতে কাবু কিউইরা

আপডেট : ০৩ মার্চ ২০২১, ২২:১৫

সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে হারার পর দলের জন্য বাঁচামরার লড়াই হয়ে ওঠা তৃতীয় ম্যাচে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। গ্ল্যান ম্যাক্সওয়েলের ৩১ বলে ৭০ রানের ঝড়ো ইনিংস ও বাঁহাতি স্পিনার অ্যাস্টন অ্যাগারের ছয় উইকেট শিকারের দিনে গতকাল ওয়েলিংটনে স্বাগতিকদের ৬৪ রানে হারিয়েছে অজিরা।

টসে হেরে ব্যাটিং করতে নেমে অধিনায়ক অ্যারন ফিঞ্চ (৪৪ বলে ৬৯) ও ম্যাক্সওয়েলের ঝড়ো ব্যাটিংয়ে ২০৮ রানের বড় সংগ্রহ তুলে অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে ১৪৪ রানেই থেমে যায় কিউইদের ইনিংস। অজিদের হয়ে ৩০ রান দিয়ে ছয় উইকেট নিয়েছেন অ্যাগার। টি-টোয়েন্টি ফরম্যাটে অস্ট্রেলিয়ার হয়ে এটিই সবচেয়ে সেরা বোলিং ফিগার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেই এটি পঞ্চম সেরা বোলিং ফিগার।

দুর্দান্ত এই জয় দিয়ে সিরিজে টিকে রইল অজিরা। শুক্র ও রবিবারে সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ওয়েলিংটনের স্কাই স্টেডিয়ামে। সিরিজ জিততে চাইলে এই দুটি ম্যাচেই জিততে হবে ফিঞ্চের দলকে। আর এর একটিতে জিততে পারলেই সিরিজ নিশ্চিত করে ফেলবে স্বাগতিকরা।