প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এইচ টি ইমাম গুরুতর অসুস্থ। বেশ কিছু দিন ধরে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিত্সাধীন। বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন। এইচ টি ইমামের ব্যক্তিগত সহকারী আবু বকর সিদ্দিকী সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। এদিকে আওয়ামী লীগের একটি সূত্র জানায়, মঙ্গলবার থেকে তার শারীরিক অবস্থার অবনতি হয়। বর্তমানে তার অবস্থা গুরুতর।
এইচ টি ইমাম কিডনিসহ বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছেন। ৭ ফেব্রুয়ারি অসুস্থ অবস্থায় তাকে ঢাকার সিএমএইচে ভর্তি করা হয়। ২০০৯ সাল থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক এই আমলা। প্রথমে তিনি প্রশাসনিক উপদেষ্টা ছিলেন। ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। ১৯৩৯ সালে জন্মগ্রহণকারী সাবেক এ সরকারি কর্মকর্তার বর্তমান বয়স ৮২ বছর।
