বরিশালে পুলিশ হেফাজতে শিক্ষানবিশ আইনজীবীর মৃত্যুর ঘটনায় দায়েরকৃত মামলার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। নিহতের পিতার করা আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল বুধবার এই আদেশ দেন। গত ২৯ ডিসেম্বর বরিশালের গোয়েন্দা পুলিশ ধরে নেওয়ার পর ২ জানুয়ারি হাসপাতালে মারা যান রেজাউল করিম। পুলিশের হেফাজতে থাকাবস্থায় নির্যাতনের কারণে অসুস্থ হয়ে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা। এ অভিযোগে গত ৫ জানুয়ারি বরিশাল মহানগর হাকিম আদালতে মামলা করেন রেজাউলের বাবা ইউনুস মুন্সী। এতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই মহিউদ্দিন আহমেদসহ তিন পুলিশ সদস্যকে আসামি করা হয়।
মামলার অভিযোগে বলা হয়, গত ২৯ ডিসেম্বর রাতে হামিদ খান সড়কে রেজাউলকে একা পেয়ে বিনা অপরাধে মারধর করেন এসআই মহিউদ্দিনসহ তিন জন। এরপর তার কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে দাবি করে ধরে নিয়ে যায় পুলিশ।
হেফাজতে নিয়ে রাতভর রেজাউলের ওপর নির্যাতন চালানো হয়। পরদিন তাকে অসুস্থ অবস্থায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। রেজাউলের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে ১ জানুয়ারি রাতে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে কারা কর্তৃপক্ষ। সেখানে চিকিত্সাধীন অবস্থায় রেজাউল মারা যান। এই অভিযোগ আমলে নিয়ে মহানগর হাকিম আদালতের বিচারক পিবিআইকে মামলটি তদন্তের নির্দেশ দেয়। এই আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন নিহতের পিতা।
ঐ আবেদনের শুনানির একপর্যায়ে আদালত বলেন, পিবিআইকে তদন্তের দায়িত্ব দিয়ে ম্যাজিস্ট্রেট তো কোনো ভুল করেননি। আর এই সংস্থা তদন্ত করলে আপনি সঠিক তদন্ত পাবেন না, সেই আশঙ্কা কেন করছেন? আবেদনকারীর আইনজীবী মো. শিশির মনির বলেন, ‘আমার মক্কেল চান বিচার বিভাগীয় তদন্ত। এই তদন্ত হলে তিনি ন্যায়বিচার পাবেন বলে মনে করেন।’ আদালত বলেন, পিবিআইয়ের তদন্তে অসংগতি থাকলে নারাজি দেওয়ার সুযোগ রয়েছে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন বাপ্পী বলেন, বিভিন্ন মামলায় পিবিআইয়ের তদন্ত ইতিমধ্যে জনমনে আস্থা অর্জন করেছে। শুনানি শেষে হাইকোর্ট আবেদনটি নিষ্পত্তি করে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেয়। আদালত বলেছে, যেহেতু আইনে বিচার বিভাগীয় তদন্তের সুযোগ রয়েছে, সেজন্য এই আদেশ দেওয়া হলো।
আইনজীবী মো. শিশির মনির বলেন, হাইকোর্ট বরিশালের মুখ্য মহানগর হাকিমকে এ ঘটনার তদন্ত করতে নির্দেশ দিয়েছে।
