ভেনেজুয়েলার মাদুরো সরকারকে যুক্তরাষ্ট্র অর্থায়ন বন্ধ করছে বলে জানিয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। খবর বিবিসির।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার এক দিন পর এই মন্তব্য করেন জন বোল্টন।
হোয়াইট হাউসের বাইরে বৃহস্পতিবার জন বোল্টন সাংবাদিকদের বলেন ভেনেজুয়েলার সঙ্গে ‘ইস্যুটি’ জটিল হয়ে উঠেছে। তবে ট্রাম্প সমর্থিত হুয়ান গুয়াইদো সরকারকে অর্থায়ন দেওয়ার পরিকল্পনা করছে আমেরিকা।
গত বুধবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সরকারবিরোধী এক বিক্ষোভের সময় বিরোধী নেতা হুয়ান গুয়াইদো বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অবৈধ উল্লেখ করে নিজেকে নতুন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছেন।
গুয়াইদোর এমন ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায় সঙ্গে সঙ্গে তাকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেন। এছাড়াও আরো কয়েকটি লাতিন আমেরিকান দেশ গুয়াইদোকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে।
তারই প্রেক্ষিতে মাদুরো বুধবার মাদুরো মার্কিন কূটনীতিকদের ভেনেজুয়েলা ত্যাগের ৭২ ঘণ্টা সময় দেন।
আরো পড়ুন: নিজস্ব মিসাইল কেন্দ্র গড়লো সৌদি আরব
অন্যদিকে যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার জরুরি নয় দূতাবাসের এমন স্টাফদের ভেনেজুয়েলা ত্যাগের নির্দেশ দিয়েছে। তবে নিকোলাস মাদুরোর ঘোষণা অনুযায়ী সম্পূর্ণ দূতাবাস গুটিয়ে নিতে অস্বীকৃতি জানিয়েছে।
ইত্তেফাক/এসআর
